কিউরিওসিটির নাকে মঙ্গলের ঘ্রাণ
মঙ্গলগ্রহের বাতাসের ঘ্রাণ কেমন? প্রথমবারের মতো মঙ্গলের বাতাসের নমুনা সংগ্রহ করেছে মঙ্গল অভিযাত্রী কিউরিওসিটি। স্যাম্পল অ্যানালাইসিস অ্যাট মার্স (স্যাম) নামের একটি যন্ত্র ব্যবহার করে মঙ্গলের বাতাসে বিভিন্ন ধরনের গ্যাসের ঘনত্ব পরীক্ষা করবে কিউরিওসিটি। কয়েক সপ্তাহের মধ্যেই সে তথ্য হয়তো জানাবেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকরা। মঙ্গলের বুকে কিউরিওসিটির ঘ্রাণ নেওয়া বাতাসে কী ধরনের উপাদান রয়েছে, সে তথ্য বিশ্লেষণ করবেন তাঁরা। খবর বিবিসির। ১৯৭০ সালে ভাইকিং ল্যান্ডার্সের পর এবার কিউরিওসিটি প্রথমবার মঙ্গলের বাতাসের রাসায়নিক পরীক্ষা করে দেখবে। বাতাসে কী খুঁজছে কিউরিওসিটি? গবেষকেরা জানান, মঙ্গলগ্রহে অণুুজীব খোঁজার যে মিশন নিয়ে কিউরিওসিটি গেছে, তারই অংশ হিসেবে মঙ্গলের বাতাসে মিথেন গ্যাসের অনুসন্ধান করছে কিউরিওসিটির স্যাম।গবেষকেরা সম্প্রতি কৃত্রিম উপগ্রহ ও পৃথিবী থেকে টেলিস্কোপ ব্যবহার করে মঙ্গলগ্রহে মিথেন গ্যাস পর্যবেক্ষণ করেছেন। গবেষকেরা বলছেন, মঙ্গলে এ গ্যাসটির উপস্থিতি বেশ কৌতূহলোদ্দীপক। মিথেন সাধারণত ক্ষণস্থায়ী হয়। মঙ্গলে এর অধিক পরিমাণে থাকার কারণ কোনো জৈবিক বা ভূ-রাসায়নিক বিষয় নির্দেশ করে। স্যাম থেকে পাওয়া তথ্য এ বিষয়টি নিশ্চিত করতে পারবে।গবেষক জো ক্রিস্প এ প্রসঙ্গে বিবিসিকে জানান, আগামী সপ্তাহে পরীক্ষার প্রথম ফল জানা যাবে। তবে নির্দিষ্টভাবে মিথেনের স্তরের পরিমাণ ঘোষণা দেওয়ার আগেভাগে এ ফলাফল জানা যাবে। এটা চূড়ান্ত ফল হবে না। আগামী দুই বছর মঙ্গলের মাটিতে গবেষণা চালাবে কিউরিওসিটি। জটিল যন্ত্রপাতিতে তৈরি স্যামের ব্যবহার আগেভাগেই শুরু করা হয়েছে। তবে এ সংশ্লিষ্ট তথ্য অনেক দিন ধরে পর্যবেক্ষণ করতে হবে।গত ৬ আগস্ট মঙ্গলের মাটিতে অবতরণ করে কিউরিওসিটি। মঙ্গলে অবতরণের পর কিউরিওসিটির সব যন্ত্রাংশ ঠিকমতো কাজ করছে কি না, তা পরীক্ষা করে দেখেছেন গবেষকেরা। প্রথম দিকে মঙ্গলের তেজস্ক্রিয়া মাপতে আর যন্ত্রপাতি ঠিকঠাক কাজ করছে কি না, তা পরীক্ষা করে দেখেতে সময় কেটেছে কিউরিওসিটির। পরে এ যানের সফটওয়্যার প্রতিস্থাপন করেন গবেষকেরা। ১৯ আগস্ট থেকে অণুজীব অনুসন্ধানে কাজ শুরু করেছে এ রোবোটিক যান। বর্তমানে মঙ্গলের গেইল কার্টার থেকে চলতে শুরু করেছে কিউরিওসিটি, পাড়ি দিয়েছে ১০০ মিটার পথ। আগামী দুই বছরে মাউন্ট শার্পের ওপর পৌঁছাতে চেষ্টা করবে।