কিকঅ্যাস টরেন্টসের প্রতিষ্ঠাতা গ্রেপ্তার, চলছে বিকল্প উপায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফাইল আদান–প্রদানের জনপ্রিয় টরেন্ট ওয়েবসাইট কিকঅ্যাস টরেন্টসের (কেএটি) প্রতিষ্ঠাতা আর্টেম ভলিনকে মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুরোধে গ্রেপ্তার করেছে পোল্যান্ডের পুলিশ। এরপর থেকেই ওয়েবসাইটটি বন্ধ দেখাচ্ছে। ২০০৮ সালে প্রথমবারের মতো চালু হওয়া কিকঅ্যাস টরেন্টসের প্রতিষ্ঠাতা হিসেবে এত দিন সুনির্দিষ্টভাবে কাউকে চিহ্নিত করতে না পারলেও সাম্প্রতিক কিছু প্রমাণের ভিত্তিতে ৩০ বছর বয়সী ইউক্রেনের নাগরিক ভলিনকে পোল্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘন এবং অর্থ পাচারের দুটি অভিযোগ আনা হয়েছে। কিকঅ্যাস টরেন্টসের একটি সার্ভার যুক্তরাষ্ট্রের শিকাগোয় থাকায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়।
অ্যাপল ও ফেসবুকের সহযোগিতা
ভলিনকে গ্রেপ্তারে সহযোগিতা করেছে অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড ও ফেসবুকের মতো বড় প্রতিষ্ঠান। মজার ব্যাপার হলো, অনলাইন পাইরেসির অভিযোগ আনা হলেও অ্যাপলের আইটিউনস থেকে নিজ নামে বৈধ উপায়েই গান কিনেছিলেন ভলিন। সেই একই আইপি (ইন্টারনেট প্রটোকল) ঠিকানা থেকে বেশ কয়েকবার টরেন্ট সাইটটির ফেসবুক পেজ ব্যবহার করেন তিনি। এমন আরও প্রমাণ মেলে ভলিনের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস এ ঘটনার বিস্তারিত তুলে ধরে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। মাসে পাঁচ কোটি ব্যবহারকারী কিকঅ্যাসে ঢুঁ মারতেন—উল্লেখ করা হয় সেখানে।
চালু হয়েছে বিকল্প উপায়ে
বন্ধের ২৪ ঘণ্টার মধ্যে কিকঅ্যাসের বেশির ভাগ বিষয়বস্তুর সমন্বয়ে নতুন এক ডোমেইনে কিকঅ্যাসের একটি মিরর প্রকাশ করা হয়। সেখানে গত এক থেকে দেড় বছরের মধ্যে আপলোড করা ফাইল পাওয়া যাচ্ছে। তবে ফোরাম কমিউনিটি এবং কেএটি সাপোর্ট এতে নেই। এটি টরেন্টফ্রিকের আইসোহান্ট ও আর্নেস্টো দলের কাজ বলে ধারণা করা হচ্ছে। আইসোহান্টের পক্ষ থেকে জানানো হয়, ‘এটি (মিরর) নিখুঁত কিংবা পূর্ণাঙ্গ নয়। তবে ব্যবহারকারীরা যদি কিছু সংরক্ষণ করতে চান তবে এটিই সময়। আমরা জানি না এটি কতক্ষণ টিকবে।’
আরেক জনপ্রিয় টরেন্ট ওয়েবসাইট ‘দ্য পাইরেটস বে’ বন্ধ হলেও এগিয়ে এসেছিল আইসোহান্ট। দলটি ভলিনের সাহায্যেও এগিয়ে এসেছে। ভলিনের গ্রেপ্তার মানবাধিকার লঙ্ঘন বলে পিটিশনে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছে তারা।
মেহেদী হাসান, সূত্র: দ্য নেক্সট ওয়েব