কিছু জায়গায় মোবাইল টাওয়ার নয়
পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল-কলেজ, হাসপাতাল এবং বড় আবাসনের ৫০ মিটারের মধ্যে আর কোনো মোবাইল টাওয়ার বসানো যাবে না। ইতিমধ্যে এ ধরনের এলাকায় যেসব মোবাইল টাওয়ার আছে, সেসবও এক বছরের মধ্যে সরিয়ে নিতে হবে। মোবাইল টাওয়ার থেকে নির্গত তড়িৎ চুম্বকীয় বিকিরণ বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর পরিমাপ নির্ণয় এবং প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার জন্য তিন মাস আগে একটি কমিটি গঠন করে।কমিটিতে রাখা হয় খড়গপুর আইআইটির দুই বিশেষজ্ঞ সুজয় গুহ ও সুদর্শন নিয়োগী এবং মুম্বাইয়ের আইআইটির অধ্যাপক গিরিশ কুমারকে। এই কমিটি কলকাতা শহরসহ রাজ্যের বিভিন্ন স্থানের মোবাইল টাওয়ার থেকে নির্গত তড়িৎ চুম্বকীয় বিকিরণ নিয়ে গবেষণা এবং পরিমাপ করে একটি প্রতিবেদন জমা দেন রাজ্যের পরিবেশমন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদারের কাছে। ওই প্রতিবেদনে তুলে ধরা হয় বিকিরণের প্রভাবের নানা দিক। প্রতিবেদনে বলা হয় কলকাতার বেশ কিছু এলাকায় এর প্রভাব অত্যধিক। এই কমিটি তাদের প্রতিবেদনে উল্লেখ করে, এই তড়িৎ চুম্বকীয় বিকিরণের প্রভাবে মানুষের শরীরের ক্ষতি হতে পারে। —অমর সাহা, কলকাতা