‘আমি বিশ্বের অনেক দেশ ঘুরেছি। দেখেছি। নারীদের সম্পর্কে জেনেছি। আমার কাছে মনে হয়েছে, নারীদের অগ্রগতির ক্ষেত্রে আমাদের দেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমি মনে করি, নারীদের সব জায়গায় কাজ করার ব্যাপারটি সুযোগ নয়, অধিকার। তাই সম-অধিকার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।’ বলছিলেন তথ্য অধিকার বাংলাদেশের কমিশনার অধ্যাপক সাদেকা হালিম। ‘বাংলাদেশে লিঙ্গ নীতি: কৌশল, সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৫ অক্টোবর ঢাকার রূপসী বাংলা হোটেলে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটি যৌথভাবে আয়োজন করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এই আয়োজনে চারটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এই সেমিনারে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম। বক্তৃতা করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিন ইউ সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন ও জেন্ডার স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারপারসন নাজমুন্নেসা মাহতাব। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মুসফেকা ইকফাত। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারপারসন রেহানা রহমান।