কিটক্যাট প্রচারণায় ট্র্যাকিং ডিভাইস!
যুক্তরাজ্যে কিটক্যাট চকলেটের প্রচারণার জন্য অভিনব এক উপায় বেছে নিয়েছে পণ্যটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেসলে। কিটক্যাট চকলেট বারের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে একটি খুদে জিপিএস ট্র্যাকিং ডিভাইস। ভাগ্যবান চকলেট ক্রেতা চকলেটবার ভাঙলেই দেখতে পাবেন ট্র্যাকিং ডিভাইসটি। চকলেটের ভেতরে রাখা এ ডিভাইসটি সচল হয়ে ক্রেতার অবস্থান সম্পর্কে সংকেত পাঠাবে নেসলের একটি বিশেষ দলকে। ২৪ ঘণ্টার মধ্যেই হেলিকপ্টারে করে ক্রেতার কাছে উপস্থিত হবেন নেসলে দলটির সদস্যরা। তাঁরা নেসলের পক্ষ থেকে উপহার হিসেবে চকলেট ক্রেতার হাতে ধরিয়ে দেবেন নগদ ১০ হাজার পাউন্ড ঠাসা একটি ব্রিফকেস। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।নেসলে জানিয়েছে, প্রতিযোগিতাটির নাম ‘উই উইল ফাইন্ড ইউ’। এ প্রতিযোগিতাটি আয়োজন করতে বিশেষ একটি দল গঠন করেছে নেসলে। মোট ছয়টি কিটক্যাট চকলেটে এ ট্র্যাকিং ডিভাইস যুক্ত করা হয়েছে। ট্র্যাকিং ডিভাইস থেকে সংকেত পেলে দ্রুত সেখানে ব্যাগভর্তি পাউন্ড নিয়ে ছুটে যাবে নেসলের বিশেষ দলটি।উল্লেখ্য, এ ধরনের প্রতিযোগিতা এর আগে আয়োজন করেছিল ইউনিলিভার। ব্রাজিলে ২০১০ সালের আগস্ট মাসে ডিটারজেন্টের প্যাকেটের ভেতর ট্র্যাকিং ডিভাইস ভরে ইউনিলিভার এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছিল।