কিশোরগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু
কিশোরগঞ্জে শুরু হয়েছে তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা। ‘জনগণের দোরগোড়ায় সেবা’ স্লোগানে গতকাল শনিবার স্থানীয় সমবায় কমিউনিটি সেন্টারে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য) মো. এমদাদুর হক, অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ অনেকে। মেলায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রগুলোসহ সরকারি-বেসরকারি ৩২টি স্টল রয়েছে।মেলায় ইউনিয়ন তথ্য ও কেন্দ্রের স্টল থেকে জেলা প্রশাসক কার্যালয়ে জমির পরচার আবেদন, অনলাইনে পরীক্ষার ফলাফল, ই-মেইল আদান-প্রদান, ভিডিও কনফারেন্সি, ইন্টারনেট ব্রাউজিং, কম্পিউটার প্রশিক্ষণ এসব বিষয় হাতেকলমে দেখানো ও শেখানো হচ্ছে। অন্য সরকারি ও বেসরকারি স্টলগুলোতে প্রতিষ্ঠানগুলোর দরকারি সব তথ্যসেবা ও প্রতিষ্ঠানগুলোর তথ্য বাতায়ন ও ওয়েব পোর্টাল চালুর মাধ্যমে তৈরি করা হয়েছে প্রতিষ্ঠানভিত্তিক তথ্যভান্ডার। সব প্রতিষ্ঠানের তথ্যকোষে রয়েছে তাদের সব ধরনের কাজের বিবরণ ও জনগণের চাহিদা মেটানোর পদ্ধতি ও জিজ্ঞাসা। এ ছাড়া মেলায় প্রযুক্তিসেবাসহ ইন্টারনেট ব্যবহারের প্রদর্শনী ছাড়াও আউটসোর্সিংয়ের ওপর বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। —সাইফুল হক মোল্লা, কিশোরগঞ্জ অফিস