কিশোরগঞ্জের ইউনিয়ন ই-সেবা কার্যক্রম হতাশাজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ আসছেন এ খবর পেয়ে মাত্র এক সপ্তাহে কিশোরগঞ্জের ১৩টি উপজেলার ১০৮টি ইউনিয়ন পরিষদের ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) চালু হয়ে যায়। এর আগে সারা জেলায় ই-সেবা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছিল। সারা দেশের মতো কিশোরগঞ্জ জেলায়ও ১০৮টি ইউআইএসসি ২০১০ সালের ১১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল। তবে এই ই-সেবা কার্যক্রম চালু হয়নি এক বছর পার হওয়ার পরও। গত শনিবার প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ এবং সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খানের পরিদর্শন উপলক্ষে জেলার ১৩ উপজেলার নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) ইউপি চেয়ারম্যানদের নিয়ে দিন-রাত কাজ করে ১০৮টি কেন্দ্র চালু করেন। শনিবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা ই-সেবাকেন্দ্র এবং ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের কার্যক্রম বিষয়ে ‘সিটিজেন ওরিয়েন্টেশন’ কর্মশালায় এসব তথ্য জানা গেছে। সভায় নজরুল ইসলাম খান বলেন, ‘কিশোরগঞ্জ জেলা ও ইউনিয়ন পর্যায়ে ই-সেবার কার্যক্রম চরম হতাশাজনক। যাচ্ছেতাইভাবে চলছে। দেশের ৬৪ জেলার মধ্যে এর অবস্থান ৬০তম স্থানের পরে। রাষ্ট্রপতি, স্পিকার, স্থানীয় সরকারমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সেনাপ্রধানের জেলা হলেও কিশোরগঞ্জে ই-সেবার সার্বিক কার্যক্রম দুঃখজনক। আগের কর্মকর্তারা কোনো কাজ করেননি বলে এ দুঃখজনক অবস্থার সৃষ্টি হয়েছে। জনগণ কাঙ্ক্ষিত সেবা ও সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। আগামী দুই মাসের মধ্যে এ অবস্থার উন্নয়ন না করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তৃতা করেন জেলা পুলিশ সুপার মীর রেজাউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নূরে আলম সিদ্দিকী, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক বাদল রহমান, সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশের বিশেষজ্ঞ এস এম আশফাক হোসেনসহ অনেকে। কর্মশালায় জেলা প্রশাসনের ই-সেবা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে দেখা যায়, সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে নকলের আবেদন করা হয়েছে এক হাজার ৪৭টি। এর মধ্যে গত শনিবার পর্যন্ত সবগুলো আবেদন অমীমাংসিত (পেন্ডিং) অবস্থায় ছিল।জেলা প্রশাসকের রাজস্ব শাখা কয়েকটি আবেদন নিষ্পতির দাবি করলেও সেসবের কোনো সত্যতা মেলেনি। এ সময় নজরুল ইসলাম খান রাজস্ব শাখার কর্মকর্তাদের প্রশ্ন করেন, জরুরি ভিত্তিতে কত দিনের মধ্যে নকল সরবরাহ করা হয়? উত্তরে জেলার সংশ্লিস্ট তিন কর্মকর্তা তিন রকম তথ্য দেন। কর্মকর্তাদের এ রকম জবাব শুনে প্রকল্প পরিচালক বলেন, ‘এতেই বোঝা যায়, জেলার সার্বিক ই-সেবার কার্যক্রম যাচ্ছেতাইভাবে চলছে।’ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জানান, আগামী জুন মাসের মধ্যে এ অবস্থার উন্নতি হবে। তবে নজরুল ইসলাম খান দুই মাসের মধ্যে সবকিছু ১০০ শতাংশ ই-সেবায় এনে তিন দিনের মধ্যে নকল সরবরাহের নির্দেশ দেন। সভায় উপস্থিত বাজিতপুর উপজেলা চেয়ারম্যান শেখ এ কে এম নূরুন্নবীসহ একাধিক চেয়ারম্যান জানান, কার্যত ইউনিয়ন কেন্দ্রগুলো চালু ছিল না। গত দুই-তিন দিনে এগুলো চালু করা হয়েছে। —সাইফুল হক মোল্লা, কিশোরগঞ্জ