কি-বোর্ড দিয়ে প্রোগ্রাম চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে কোনো প্রোগ্রাম চালু করতে হলে স্টার্ট মেনু বা স্টার্ট স্ক্রিন থেকে বারবার খুঁজে নিতে হয়। এর পরিবর্তে কি-বোর্ড শর্টকাটের মাধ্যমে কাজটা দ্রুত করা যায়।
কম্পিউটার বা ফাইল এক্সপ্লোরার খুলে সিস্টেম ড্রাইভের প্রোগ্রাম ফাইলস (সাধারণত C:/Program Files) ফোল্ডার থেকে কাঙ্ক্ষিত প্রোগ্রামটি খুঁজে নিন। যেমন: কম্পিউটারে ইনস্টল করা মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি যদি কি-বোর্ডের শর্টকাট বোতাম চেপে চালু করতে চান, তাহলে প্রোগ্রাম ফাইলস ফোল্ডারে যান। এবার মজিলা ফায়ারফক্স ফোল্ডার খুললে শুধু Firefox লেখা প্রোগ্রামটিতে ডান ক্লিক করুন। নির্ধারিত অপশন থেকে Send To/Desktop (create shortcut)-এ ক্লিক করুন। এভাবে ফায়ারফক্সের একটি আইকন ডেস্কটপে চলে আসবে। এখন ডেস্কটপের ফায়ারফক্স আইকনটিতে ডান ক্লিক করে প্রোপার্টিজ অপশনটি বাছাই করুন। সেখান থেকে শর্টকাট ট্যাবে ক্লিক করে নিচের Shortcut Key অংশের ডান দিকের খালি বক্সে ক্লিক করুন। তারপর কি-বোর্ডের Ctrl এবং Alt কি একসঙ্গে চেপে ধরে রেখে সুবিধাজনক অন্য আরেকটি অক্ষর চাপুন। এ ক্ষেত্রে ফায়ারফক্সের জন্য Ctrl + Alt + F চেপে দিয়ে ওকে করুন। এখন থেকে যখনই আপনি কি-বোর্ডের এই তিনটি বোতাম একসঙ্গে চাপবেন, তখনই ফায়ারফক্স সরাসরি চালু হবে। চাইলে নিজের সুবিধামতো কি-বোর্ডের অন্যান্য বোতামের সমন্বয়ে শর্টকাট কি বা হট-কি নির্ধারণ করে দেওয়া যাবে। —মঈন চৌধুরী