কী আছে ব্রাজিলের ইন্টারনেট বিলে?
ব্রাজিলের পার্লামেন্টের সুপারিশ অনুযায়ী সে দেশের প্রেসিডেন্ট দিলমা রুসেফ গত বুধবার যে বিলে সই করেছেন, তা ডিজিটাল জগতে এখন পর্যন্ত প্রথম এমন একটি ঐতিহাসিক পদক্ষেপ, যা নিয়ে বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে। এই বিলের প্রধান দুটি বিষয় সবার দৃষ্টি কেড়েছে—ইন্টারনেট জগতে ‘অনলাইন নিরাপত্তা’ ব্যবহারকারীর জন্য নিশ্চিত থাকবে আর ইন্টারনেট বিবেচিত হবে ‘জনগণের সম্পদ’ হিসেবে, বিশেষ করে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো যখন-তখন এর মূল্য নির্ধারণ বা পুনর্নির্ধারণ করে একে নিয়ন্ত্রণ করতে পারবে না।
প্রেসিডেন্ট দিলমা রুসেফ এই বিলে সই করেন গত বুধবার সাও পাওলো শহরে আন্তর্জাতিক ইন্টারনেট সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে। আর তখন পৃথিবীর ৯৭টি দেশের সহস্রাধিক প্রতিনিধি তা প্রত্যক্ষ করেন। এই সম্মেলনে বাংলাদেশসহ ৭৭ দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি অংশ নিয়েছেন।
এই বিলে ব্রাজিলের ২০ কোটি মানুষের জন্য নিশ্চিত করা হয়েছে ইন্টারনেটে তাদের ব্যক্তিগত নিরাপত্তা। বলা হয়েছে, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বিশেষ প্রটোকল তৈরি করে সব ধরনের যোগাযোগে নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করবে। যেমন: কেউ ই-মেইল পাঠালে তা কেবল প্রেরক ও প্রাপক ছাড়া আর কেউ দেখতে পারবে না। এ রকম অভিযোগ প্রমাণিত হলে তা শাস্তিযোগ্য অপরাধ হবে। অর্থাৎ সব ইন্টারনেট যোগাযোগে (ব্যক্তিগত, দাপ্তরিক, বাণিজ্যিক, স্বাস্থ্যসেবা, আন্তর্জাতিক কূটনৈতিক কৌশল নির্ধারণ, এমনকি অভ্যন্তরীণ শিক্ষাক্রমেও) ব্যবহারকারীর গোপনীয়তা অটুট থাকবে এবং বাইরের কারও দ্বারা লঙ্ঘিত হতে পারবে না। প্রয়োজনে কেবল আদালতের নির্দেশে অনধিক ছয় মাসের তথ্য দেওয়া যেতে পারে।
ব্রাজিল নিজেকে ইন্টারনেট অধিকার আন্দোলনে প্রথম সারিতে নিয়ে এসেছে গত বছরের মার্কিন-ব্রাজিল ইন্টারনেট দ্বন্দ্বের পর। প্রেসিডেন্ট দিলমা নিজেও এই আড়ি পাতার শিকার হয়েছিলেন, যে কারণে তিনি যুক্তরাষ্ট্রে তাঁর একটি পূর্বনির্ধারিত সফর বাতিল করেন।
বিশ্বনেতারা ব্রাজিলের এই পদক্ষেপ একটি নতুন ও সৃজনশীল উদ্যোগ হিসেবে দেখতে চাইছেন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক টিম বারনার্স লি বুধবার সাও পাওলো সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘ইন্টারনেট নিয়ে সব দেশ কীভাবে ইতিবাচক ভূমিকা রাখতে পারে, তার একটি অসাধারণ উদাহরণ এটি।’
প্রেসিডেন্ট দিলমা রুসেফের সঙ্গে কণ্ঠ মিলিয়ে গুগলের ভাইস প্রেসিডেন্ট ভিন্ট কারফ বলেন, ‘আমি একমত, এই উদ্যোগের ফলে ইন্টারনেট তার নিরপেক্ষ জগৎ খুঁজে পাবে, যেখানে সবার অধিকার নিশ্চিত হবে।’
ইন্টারনেট নিরাপত্তাবিধানে একটি ঘোষণাপত্র গ্রহণের মাধ্যমে বৃহস্পতিবার সাও পাওলো সম্মেলন শেষ হয়েছে ।
—রেজা সেলিম, সাও পাওলো (ব্রাজিল) থেকে