হাসপাতালের বিছানায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছটফট করছে ছোট্ট একটি শরীর। তার অস্ফুট গোঙানিতে চোখের পানি ধরে রাখা কঠিন। ছয় বছরের মেয়েটি পড়ত ঢাকার খিলগাঁওয়ের একটি স্কুলে। সেদিন অন্যান্য দিনের মতো সে স্কুল থেকে ফিরছিল। এ সময় স্কুলের বর্ধিত ভবন নির্মাণের কাজ চলছিল। সেখানে কাজ করা এক নির্মাণশ্রমিক মেয়েটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে তাকে সেই ভবনের ভেতরে নিয়ে যায়। এরপর শুরু হয় তার ওপর পাশবিক নির্যাতন। এদিকে বাড়িতে শিশুটির অপেক্ষায় মা। দুশ্চিন্তা তাঁর বাড়তে থাকে। মনে করেন, এখনো কেন তাঁর মেয়েটি বাড়ি ফিরছে না। কখনো এত দেরি করে না সে। সেদিন রাতে মেয়েটিকে স্কুলের মাঠ থেকে উদ্ধার করা হয়। খবর পেয়ে মেয়েটির পরিবার তাকে হাসপাতালে ভর্তি করায়। টানা আট দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে যায় ছোট্ট শরীর। সবাইকে কাঁদিয়ে ভাসিয়ে চলে যায় না-ফেরার দেশে।
এটি আমার জানা সাম্প্রতিক সময়ের একটি ঘটনা। এটি কোনো পত্রিকায় প্রকাশিত হয়নি। প্রতিদিন এ রকম অনেক খবর নানা খবরের আড়ালে হারিয়ে যায়। আমাদের অগোচরে ঘটে এমন ঘটনা। আমার প্রশ্ন হলো, কেন আমাদের সমাজ এই শিশুটিকে নিরাপত্তা দিতে পারল না? আমার এই প্রশ্নের জবাব কে দেবে?
সীমা, খিলগাঁও, ঢাকা।