কী লুকাচ্ছ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্তান কোনো কিছু লুকানোর চেষ্টা করলে, তাকে একান্তে বুঝিয়ে বলতে হবে৷ ছবিটি প্রতীকী
সন্তান কোনো কিছু লুকানোর চেষ্টা করলে, তাকে একান্তে বুঝিয়ে বলতে হবে৷ ছবিটি প্রতীকী

হঠাৎ করে নিজের সন্তানকে অচেনা মনে হচ্ছে৷ হয়তো সমবয়সীদের সঙ্গে যে বিষয়ে কথা বলছে, সেটা মা-বাবাকে বলতে চাইছে না৷ পরীক্ষার ফলাফল থেকে শুরু করে ছোটখাটো অনেক বিষয় সে পরিবারের অন্যদের থেকে আড়াল করতে চাইছে৷ তার লেখা ডায়েরি বা খাতা পড়ে হয়তো মা-বাবা জানলেন৷ শিশুর বয়স যা-ই হোক না কেন, তারও থাকে কিছু নিজস্ব বিষয়৷ বিশেষ করে বয়ঃসন্ধিকালে তার মধ্যে আড়াল করার প্রবণতা আরও বেড়ে যায়৷
এই ধরনের পরিস্থিতিতে মা-বাবাকে শিশুর প্রতি মনোযোগী হতে হবে৷ তাঁর মনোজগতে যেন কোনো কুণ্ঠা বা লজ্জা জন্ম না নেয়, সেদিকে খেয়াল রাখতে হবে৷ অভিভাবকেরা আরও যা যা করতে পারেন:
একান্তে জানুন: বাড়িতে বলতে না চাইলে কোথাও বেড়াতে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন৷ আপনি যদি আগে জেনেও যান, তাহলে তাকে তা বুঝতে দেবেন না৷
ক্ষতিকর কি না: এরপর যাচাই করুন বিষয়টি শিশুর বয়সের উপযোগী কি না বা তার জন্য ক্ষতিকর কিছু কি না৷ যদি ক্ষতিকর হয়, তবে হইহই করে সবাইকে না জানিয়ে আপনি আলাদা করে তাকে বুঝিয়ে বলুন৷
ব্যঙ্গ নয়: অনেক সময় দেখা যায়, শিশু সামান্য কোনো ঘটনা বা বস্তু আড়াল করতে চাইছে, যা মোটেই ক্ষতিকর নয়, তবে তার জন্য বিব্রতকর৷ সে ক্ষেত্রে বিষয়টি গোপন রাখতে সচেষ্ট হোন, বিষয়টি নিয়ে ব্যঙ্গ করবেন না৷ তাকে নিয়ে হাসাহাসি করবেন না৷
অহেতুক সন্দেহ নয়: শিশুর প্রতি অহেতুক সন্দেহ পোষণ করবেন না৷ যত্রতত্র তাকে জিজ্ঞাসাবাদ করবেন না৷ তার ব্যক্তিগত ও গোপন বিষয় জানার জন্য পীড়াপীড়ি করবেন না৷ শিশুর অনুপস্থিতিতে তার ঘর, পড়ার টেবিল, ল্যাপটপ, বই, খাতা ও ব্যাগ ঘাঁটাঘাঁটি করবেন না৷ বন্ধুর সঙ্গে টেলিফোনে কী কথা বলছে, তা আড়ি পেতে শোনার চেষ্টা করবেন না৷
বয়ঃসন্ধিকালে বাড়তি সতর্কতা: বয়ঃসন্ধিকালে শিশুর মধ্যে নিজস্বতা জন্ম নেয়, সে হয়ে ওঠে স্পর্শকাতর৷ এই সময়ে মা-বাবার বুঝতে হবে যে তাঁদের ছোট শিশুটি বড় হচ্ছে, গড়ে উঠছে নিজের জগৎ৷ বয়ঃসন্ধিকালে শিশুকে একটি ইতিবাচক নিজস্ব জগৎ তৈরি করতে সহায়ক হতে হবে৷ অহেতুক নাক গলিয়ে তার নিজস্বতা নষ্ট করবেন না৷ পাশাপাশি এ সময় শিশু নানা ধরনের সমস্যায় জড়িয়ে যেতে পারে৷ তাই শিশুর নিজস্বতাকে বজায় রেখেই তার ওপর সতর্ক দৃষ্টি রাখুন৷
হঠাৎ জেনে ফেললে: আপনার শিশু সম্পর্কে হঠাৎ এমন কিছু জেনে ফেললেন, যা আপনি কখনো কল্পনাও করেননি৷ এ ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন৷ প্রথমে বিষয়টি নিয়ে মা-বাবা নিজেরা আলাপ করুন৷ এরপর প্রয়োজনে শিশুর সঙ্গে আলোচনা করুন৷ অযথা মাথা গরম করবেন না৷ শিশুকে চ্যালেঞ্জ করবেন না৷ শারীরিক নির্যাতন বা রূঢ় আচরণ পরিহার করুন৷
সব সময় আগের উদাহরণ নয়: শিশুকে সব সময় আগের কোনো ঘটনা টেনে উদাহরণ দেবেন না৷ ‘তুমি আগে এই...এই...করেছ’, ‘তোমাকে বিশ্বাস করা যায় না...’ ইত্যাদি কথা বলবেন না৷
অতি কৌতূহলী নয়: শিশুর ভালো-মন্দ দেখভাল করা মা-বাবার দায়িত্ব৷ সতর্ক থাকুন, শিশুকে বুঝতে চেষ্টা করুন; কিন্তু অতি কৌতূহলী হবেন না৷ সব সময় অযথা প্রশ্নবাণে তাকে জর্জরিত করবেন না৷ তার নিজস্ব জগতে অযথা অনুপ্রবেশ করবেন না৷
প্রয়োজনে বিশেষজ্ঞ: অনেক সময় কন্ডাক্ট ডিসঅর্ডার-জাতীয় সমস্যার কারণে শিশু হয়ে উঠতে পারে অপরাধপ্রবণ৷ সেক্ষেত্রে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া লাগতে পারে৷
লেখক: মনোরোগ বিশেষজ্ঞ