কীর্তনখোলার তীরে
আগের দিনও আকাশ পরিষ্কার ছিল। হঠাৎ কুয়াশার চাদরে ঢেকে গেল সমস্ত আকাশ। প্রচণ্ড কুয়াশা উপেক্ষা করে সকাল সাতটা থেকেই খুদে গণিতবিদদের ভিড় জমতে থাকে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। কিন্তু প্রচণ্ড কুয়াশায় অনুষ্ঠানের অধিকাংশ অতিথি ঢাকা-বরিশাল রুটের সুন্দরবন লঞ্চে আটকা পড়ে। একই লঞ্চে শীতের বেড়ানো সংক্ষিপ্ত করে গণিত উৎসবে অংশ নিতে বরিশালে ফিরেছে ফায়জা ও রাজিন। কিন্তু ভাইবোন বরিশালে পৌঁছানোর আগেই শেষ হয়ে যায় গণিত অলিম্পিয়াড।অন্যদিকে গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আসফিয়া জাহিন তুলন হারিয়েছে তার প্রবেশপত্র। তার জন্য বিকল্প ব্যবস্থা করতে গিয়ে দেখা গেল এ সমস্যা অনেকেরই। উৎসব, তাই কাউকে ফিরিয়ে দেওয়া যায়নি। সবার জন্য ব্যবস্থা নেওয়া হয়। উৎসব শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এ রকম নানান সমস্যার সমাধান করতে হয়েছে।৩ জানুয়ারি মঙ্গলবার বরিশালের আঞ্চলিক উৎসব হয়েছে বরিশাল মডেল স্কুল ও কলেজে। সকাল নয়টায় জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের পর কলেজের অধ্যক্ষ নূরুল আমীন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।চার ক্যাটাগরির শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে ছুটে চলে পরীক্ষাকক্ষে। সকাল ১০টায় ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় সোয়া এক ঘণ্টার প্রতিযোগিতামূলক পরীক্ষা।পরীক্ষা শেষে বেলা সাড়ে ১১টায় গণিত উৎসবের গান ‘আয় আয় গণিতের আঙিনা’ দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাইমারি ক্যাটাগরির শিক্ষার্থী শামরী রহমান শুচির নৃত্য পরিবেশন ছাড়াও সেখানে গান ও কবিতা আবৃত্তি করে বন্ধুসভার বন্ধুরা।সাংস্কৃতিক পর্বের শেষে প্রশ্নোত্তর পর্বে যথারীতি শুরু হয়ে যায় শিক্ষার্থীদের প্রশ্নবান। এ সময় সঞ্চালক মুনির হাসান জাতীয় গণিত দলে বরিশালের অনুপস্থিতির কথা জানালে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও মনোযোগী হবে বলে অঙ্গীকার করে। এ সময় মডেল কলেজের অধ্যক্ষের প্রণোদনায় বরিশালের গণিত ক্যাম্পের সদস্যরা বরিশালে নিয়মিত গণিত কর্মশালা আয়োজনের ঘোষণা দেন। বুয়েটের সহযোগী অধ্যাপক হুমায়ুন কবীর এ সময় শেরেবাংলার উত্তরাধিকারীদের বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন শাখায় সক্রিয় হতে আহ্বান জানান। এই পর্বের ফাঁকে ফাঁকে শিক্ষার্থীদের মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলানো হয়। ইভ টিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আহ্বান জানিয়ে বখাটের হাতে নিহত গণিতশিক্ষক মুক্তিযোদ্ধা জিন্নাত আলীর স্মরণে এক মিনিটের নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।এরপর রুবিক কিউব প্রতিযোগিতায় অংশ নেয় খুদে গণিতবিদেরা। ১ মিনিট এক সেকেন্ড সময় নিয়ে প্রতিযোগিতায় প্রথম হয় বরিশাল জিলা স্কুলের এম এস নাঈম।উৎসবে বরিশাল ছাড়াও ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুর জেলার ৯৩টি প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। উৎসবে আরও উপস্থিত ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গণিতশিক্ষক বিমল কৃষ্ণ মজুমদার, ডাচ্-বাংলা ব্যাংক বরিশাল শাখার ব্যবস্থাপক মো. আলমগীর হুমায়ুন, প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ব্রোঞ্জপদক জয়ী তারিক আদনান প্রমুখ।