
খবর: মানব পাচার, ইয়াবা ও রোহিঙ্গাদের বৈধকরণ—এই তিন অপরাধমূলক কর্মকাণ্ডে টালমাটাল পর্যটন শহর কক্সবাজার। এর প্রভাব পড়ছে সারা দেশেও। সরকারের খাতায় এই তিন অপরাধেরই প্রধান পৃষ্ঠপোষক
কক্সবাজার-৪ আসনের (উখিয়া-টেকনাফ) সাংসদ আবদুর রহমান বদি। (সূত্র: প্রথমআলো, ১৮ জুন ২০১৫)
কী ব্যাপার বদি, তুমি নাকি আজকাল যাকে–তাকে মারধর করো?
জি ওস্তাদ, করি। কারণ, মাইরে ভাইটামিন আছে।
জনসংখ্যা নিয়ন্ত্রণে ভূমিকা
জনসংখ্যা বৃদ্ধির পাগলা ঘোড়া ছুটছে। এই ঘোড়ার লাগাম ধরার যেন কেউ নেই। তাই সাংসদ বদি জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে ক্ষুদ্র উদ্যোগ নিয়েছেন। সমুদ্রপথে বর্ধিত জনসংখ্যার ক্ষুদ্র অংশকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ অন্যান্য দেশে পাঠানোর চেষ্টা করেছেন। অথচ মিডিয়া তাঁর এই মহৎ উদ্যোগকে মানব পাচার বলে অভিহিত করেছে!
মানবতার সেবায় ভূমিকা
মিয়ানমারে নির্যাতনের শিকার হচ্ছে রোহিঙ্গারা। বদি জানেন, মানুষ মানুষের জন্য। তাই মানবতাবাদী এই মানুষটি বাংলাদেশে অবৈধভাবে প্রবেশকারী রোহিঙ্গাদের বৈধকরণে সহায়তা করেছেন। অথচ মিডিয়া সাংসদ বদির এই মানবতাবোধকে বাঁকা চোখে দেখছে!
ক্রীড়াক্ষেত্রে ভূমিকা
কেবল সমাজ উন্নয়নেই নয়, ক্রীড়াক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বদি। রেসলার হিসেবেও সাংসদ বদির বেশ পরিচিতি রয়েছে! এ পর্যন্ত তিনি মাত্র ১৯ জনকে তাঁর রেসলিং গুণাবলি দ্বারা কুপোকাত করে হাফ সেঞ্চুরির পথে অপ্রতিরোধ্যভাবে এগিয়ে চলছেন। তাঁর রেসলিংয়ের সর্বশেষ শিকার একজন প্রকৌশলী। হাফ সেঞ্চুরি, সেঞ্চুরি, নাকি ডাবল সেঞ্চুরি? কোথায় গিয়ে থামবেন খ্যাতিমান রেসলার সাংসদ বদি?
বেকারত্ব দূরীকরণে ভূমিকা
বেকারত্ব দূরীকরণে সাংসদ বদি স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছেন।
স্বল্পমেয়াদি পরিকল্পনায় বেকারত্বের অভিশাপে জর্জরিত তরুণদের হতাশা থেকে মুক্তি দিতে মিয়ানমার থেকে ওষুধ এনেছেন। অথচ মিডিয়া এই ওষুধগুলোকে ইয়াবা বলে প্রচার করছে!
দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ক্ষমতায় থাকাকালে কিছু সম্পদ অর্জন করেছেন সাংসদ বদি। বেকারত্ব দূরীকরণের জন্য এসব সম্পদের ওপর বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলবেন। অথচ মিডিয়া এই সম্পদকে অবৈধ বলে প্রচার করছে!