
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে কুইক অ্যাকসেসে নতুন এক সুবিধা যোগ করা হয়েছে। এতে ক্লিক করলেই সাম্প্রতিক ব্যবহৃত ফাইল, ফোল্ডার ও ডকুমেন্ট দেখায়। উইন্ডোজ ৮.১-এর এক্সপ্লোরার নেভিগেশন প্যানেলের ফেভরিটসই এখন কুইক অ্যাকসেস। যাঁরা উইন্ডোজ ১০ ব্যবহার করছেন, তাঁরা দেখবেন যে ফাইল এক্সপ্লোরারে ক্লিক করলে সরাসরি কুইক অ্যাকসেস আসে এবং সাম্প্রতিক ব্যবহৃত ফাইলগুলো সেখানে দেখা যায়। অনেক সময় এক কম্পিউটার অনেকজন ব্যবহার করলে ব্যক্তিগত ফাইল অন্যজন দেখে ফেলার আশঙ্কা থাকে। নিজের গোপনীয়তা রক্ষা করতে চাইলে এটি বন্ধ করে রাখতে পারেন সহজেই।
যা করতে হবে
সাধারণত উইন্ডোজ এক্সপ্লোরারে ওপরের বাঁ পাশের তালিকায় কুইক অ্যাকসেস লিংক হিসেবে থাকে। অথবা Win Key + E একসঙ্গে চাপলে উইন্ডোজ এক্সপ্লোরার চালু হবে এবং সরাসরি কুইক অ্যাকসেস ফোল্ডার দেখাবে। এটি বন্ধ করতে এক্সপ্লোরারের ওপরের রিবন থেকে View ট্যাবে ক্লিক করুন। ডান পাশের কোনায় Options বোতামে ক্লিক করে Folder Options খুলুন। এভাবে খুলতে না পারলে স্টার্ট মেন্যুতে গিয়ে Folder Options লিখেও খুলতে পারবেন। এখন ফাইল এক্সপ্লোরার অপশনের Open File Explorer to থেকে This PC নির্বাচন করে ওকে করলে প্রতিবার উইন্ডোজ এক্সপ্লোরার চালু করলে কুইক অ্যাকসেস চালু না হয়ে ফাইল এক্সপ্লোরার বা মাই কম্পিউটার চালু হবে।
এখন নিচের Privacy বিভাগ থেকে Show recently used files in Quick Access-এ টিক চিহ্ন তুলে দিয়ে ওকে করলে সাম্প্রতিক ব্যবহৃত ফাইল আর কেউ দেখতে পারবে না। একইভাবে Show frequently used folders in Quick Access-এর টিক চিহ্ন তুলে দিয়ে ওকে চাপলে যখন-তখন ব্যবহার করা ফোল্ডার আর কুইক অ্যাকসেসে দেখা যাবে না। এগুলো বন্ধ না করেও Clear File Explorer History-এর পাশে থাকা Clear-এ ক্লিক করে সাম্প্রতিক ব্যবহৃত ফাইল এক্সপ্লোরারের ইতিহাস মুছে দেওয়া যায়। ফলে সব সেটিংস আগের মতোই থাকবে, শুধু আপনার ব্যবহার করা সাম্প্রতিক ফাইলগুলো আর থাকবে না। আবার Quick Access-এর তালিকায় থাকা ফোল্ডারে রাইট ক্লিক করে Unpin from Quick Access চাপলেও সেটি কুইক অ্যাকসেসের তালিকা থেকে সরে যাবে এবং চাইলেও সেটি আর কেউ দেখতে বা জানতে পারবে না।
রাকিবুল হাসান