কুইন এলিজাবেথ পুরস্কার পাচ্ছেন পাঁচ ইন্টারনেট গবেষক
ইন্টারনেট উদ্ভাবন ও এর উন্নয়ন নিয়ে কাজ করার জন্য স্যার টিম বার্নার্স লি সহ আরও চার ইন্টারনেট গবেষক পেয়েছেন ১০ লাখ পাউন্ড আর্থিক মূল্যের কুইন এলিজাবেথ পুরস্কার। ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল বিষয়ে অবদানের জন্য টিম বার্নার্স লি, রবার্ট কান, ভিন্টন চার্ফ, লুইস পোজিন ও মার্ক অ্যানড্রেসেন একত্রে এ পুরস্কার পাচ্ছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।কুইন এলিজাবেথ পুরস্কার দাতা প্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান যুগের তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটানোর ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই পাঁচ গবেষক কুইন এলিজাবেথ পুরস্কার পাচ্ছেন।১৮ মার্চ যুক্তরাজ্যের লন্ডনে রয়্যাল অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিঙে এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। চলতি বছরের জুন মাসে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তাঁদের হাতে তুলে দেওয়া হবে।কুইন এলিজাবেথ পুরস্কার সংক্ষেপে কিউই পুরস্কারটিকে বলা হয় ‘প্রকৌশলীদের নোবেল’ পুরস্কার। যুক্তরাজ্য সরকার প্রতি বছর এ পুরস্কার প্রদান করে।