কুকুরছানাটার নাম দেওয়া হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

আমার পাশের বাড়ির জেঠুর দুই ছেলে। দুজনের নামই বাবু। বড়টার নাম বড়বাবু, আর ছোটটার নাম ছোটবাবু। বাবু ভাইদের বাড়ির সামনের ধান সেদ্ধ করার হেঁশেলে পৌষ মাসে একটা কুকুর তিনটা বাচ্চা দিল। তিনটা বাচ্চাই নাদুসনুদুস। দেখলেই আদর করতে ইচ্ছা করে।
কিন্তু মাস খানেক পরে কোনো এক নিষ্ঠুর লোক কুকুরটাকে মেরে ফেলল। বাচ্চাগুলোর এখন কী হবে! খেতে না পেয়ে দুইটা বাচ্চাই মারা গেল। বাকি রইল একটা বাচ্চা। এটাও মারা যাবে হয়তো।
ক্লাস সিক্সে পড়ি তখন। বাচ্চাটাকে আমি তুলে নিয়ে এলাম। পালব বলে। বাড়ির সবাই দিল ভেটো। ওটাকে বাড়িতে রাখা যাবে না। কিন্তু কীভাবে কীভাবে যেন সে যাত্রাটা টিকে গেলাম। বাচ্চাটা রইল আমার সঙ্গে। মা নিয়মিত ওটাকে খাবার দিতেন। আর আমি লুকিয়ে লুকিয়ে আমার দুধের ভাগ, আমার খাবারের ভাগটা ওকে পৌঁছে দিতাম।
অল্প দিনেই খুব ভাব হয়ে গেল বাচ্চাটার সঙ্গে। নিয়মিত খেতে পেয়ে অনেক নাদুসনুদুস হয়ে উঠেছে। সারা বিকেল আমার সঙ্গে থাকত। সাড়ে চারটা বাজা মাত্র বাড়ির দরজার কাছে চলে আসত। ও কীভাবে যেন বুঝত, আমার স্কুল থেকে ফিরতে সাড়ে চারটা বাজে।
সবচেয়ে মজার ব্যাপার হলো, ওর যখনই ক্ষুধা লাগত, চিত হয়ে শুয়ে পড়ত মাটিতে, আর নেড়েচেড়ে উল্টেপাল্টে আমাকে ওর পেট দেখাত। আমি সঙ্গে সঙ্গে ওর খাবারের ব্যবস্থা করতাম।
মাস তিনেক কেটে গেল এভাবেই। বেশ বড়সড় হয়ে উঠেছে ও। ধীরে ধীরে বাড়ির মানুষজনও ওকে পছন্দ করতে শুরু করেছে। এ সময়েই হঠাৎ ও জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলল।
আমি স্কুলে গেছি সেদিন। বাড়িতে মনে হয় কেউ খেয়াল করে কুকুরটাকে খাবার দেয়নি। আর ও খিদের জ্বালায় আমার বোন নীপার পোষা দুটো হাঁসের বাচ্চা খেয়ে ফেলল। আর যায় কোথায়! কাকুকে দিয়ে নীপা ওকে বস্তায় ভরে অন্য গ্রামে ফেলে দিয়ে এল। আমার কথা কেউ শোনেনি।
নাজমুল হাসান
[email protected]