কুকুরের উৎপত্তি ইউরোপে?
আপনার কুকুর যদি কথা বলতে পারত, তাহলে নিশ্চয়ই ইউরোপীয় ধাঁচের উচ্চারণে বলত। আধুনিক কুকুর থেকে শুরু করে প্রাণীটির প্রাচীন জীবাশ্ম (ফসিল) থেকে সংগৃহীত ডিএনএ গবেষণার ভিত্তিতে বিজ্ঞানীরা বলছেন, ইউরোপে বর্তমানে বিলুপ্ত এক প্রজাতির নেকড়ে থেকেই মূলত বিকাশ কুকুরের। সায়েন্স সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, মানুষ কুকুর পুষতে শুরু করেছিল প্রায় ১৯ হাজার থেকে ৩২ হাজার বছর আগে। রাশিয়াসহ মধ্য ইউরোপ এবং উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে সংগৃহীত প্রাগৈতিহাসিক ১৮টি প্রাণীর (আটটি কুকুর ও ১০টি নেকড়ে) মাইটোকন্ড্রিয়ার ডিএনএ এবং সারা বিশ্বের বিভিন্ন কুকুরের মোট ৭৭টি মাইটোকন্ড্রিয়ার জিনোমের তুলনামূলক বিশ্লেষণে এ ব্যাপারে প্রমাণ মিলেছে। জিনগত গবেষণাটি নিয়ে কিছুটা অস্পষ্টতা এখনো রয়ে গেছে। এ ব্যাপারে আরও বিস্তারিত গবেষণা চালিয়ে যাচ্ছেন ফিনল্যান্ডের টুরকু বিশ্ববিদ্যালয়ের গবেষক ওলাফ থালমান। এএফপি।