কুমির, হাঁস আর কচ্ছপের নতুন বর্ষ

নতুন বছরের প্রথম দিন যাঁরা অনুসন্ধান সেবাদাতা গুগলের মূল পাতাটিতে গেছেন, তাঁরা বিশেষ একটি অ্যানিমেটেড ডুডল দেখতে পাচ্ছেন। ২০১৫ সালের শেষ দিন, অর্থাৎ ৩১ ডিসেম্বরেই গুগল একটি বিশেষ ডুডল হোমপেজে প্রদর্শন করেছিল। ওই ডুডলটিতে গুগলের রঙে রঙিন কয়েকটি পাখির মধ্যে একটি ডিম ফোটার অপেক্ষায় রয়েছে এমন বিষয় ফুটিয়ে তোলা হয়েছিল। নতুন বছরের প্রথম দিনে সেই ডিম ফুটে বাচ্চা হওয়ার বিষয়টি দেখানো হয়েছে।

নতুন এই ডুডলটিতে ডিমটি একবারের পরিবর্তে তিন বার ফোটে। গুগলের হোমপেজটিতে একাধিকবার গেলে একেবার একেক সংস্করণের ডুডল দেখা যাবে। একবার দেখা যাবে কুমিরের বাচ্চা, একবার হাঁস আরেকবার পাঁচটি কচ্ছপের ছানা। অন্য পাখিগুলোর সঙ্গে সদ্যফোটা এই বাচ্চাগুলোকে নববর্ষ উদযাপন করতে দেখা যাচ্ছে।

এর আগে ২০১৫ সালে নববর্ষের ডুডল তৈরিতে শিল্পী সিন্ডি সোয়েনের একটি দৃশ্য ব্যবহার করেছিল গুগল। ২০০০ সালে গুগল প্রথম নববর্ষে এ ধরনের ডুডল তৈরি করেছিল।
