কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ল্যাপটপ দিলেন প্রবাসী শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঁচটি ল্যাপটপ কম্পিউটার দিয়েছেন টোকিও প্রবাসী এক বাংলাদেশি শিক্ষক। ওই বিভাগের ১০ জন ছাত্রীকে বৃত্তি হিসেবে ১৫ হাজার টাকার চেকও দেওয়া হয়। জাপানের টোকিও ইউনিভার্সিটি অব সায়েন্সের অ্যাপ্লাইড ইলেকট্রনিকসের সহকারী অধ্যাপক শাহজাদা আহমেদ ফাহলভী এই ল্যাপটপ ও বৃত্তি দেন। গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খানের কাছে এসব হস্তান্তর করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ গোপাল চন্দ্র সেন এবং সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কাজী জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। শাহজাদা আহমেদ ফাহলভী প্রথম আলোকে বলেন, ‘কিছুদিন আগে প্রথম আলোর শেষের পাতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগে কম্পিউটার নেই প্রতিবেদনটি আমার চোখে পড়ে। এর পরই আমি এখানে পাঁচটি ল্যাপটপ কম্পিউটার এবং প্রতিবছর আমার বাবা-মায়ের নামে ‘মানিক-ঝুমু বৃত্তি’ দেওয়ার সিদ্ধান্ত নিই। প্রতিবছর ১০ জন ছাত্রী এ বৃত্তি পাবেন।’ ভবিষ্যতে বৃত্তির টাকা বাড়বে বলে তিনি জানান। আমির হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কেউ এগিয়ে এলে আমরা পর্যালোচনা করে তাঁদের স্বাগত জানাব।’উল্লেখ্য, ২০০৮-০৯ শিক্ষাবর্ষ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ চালু হয়। এখন এ বিভাগে ২৬ জন ছাত্র, নয়জন ছাত্রী এবং দুজন শিক্ষক রয়েছেন। ৩০টি কম্পিউটার দিয়ে এ বিভাগে একটি ল্যাবও তৈরি করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষে আরও ৩৫ জন শিক্ষার্থী ক্লাস শুরু করার অপেক্ষায় রয়েছেন। —গাজীউল হক, কুমিল্লা