কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হলো প্রোগ্রামিং প্রতিযোগিতা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের প্রথমবারের মতো আন্তবিভাগ প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়।আয়োজকেরা জানান, প্রতিযোগিতায় ২১টি দল অংশগ্রহণ করে। তিন ঘণ্টার ওই প্রতিযোগিতায় পাঁচটি সমস্যা দেওয়া হয়। এতে সিএসই বিভাগের এনসি গ্ল্যাডিয়েটর্স, এলিগেন্ট ব্লক এবং আনডিফাইন্ড দল যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মো. আবদুল মালেক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক দুলাল চক্রবর্তী এবং গণিত বিভাগের প্রভাষক মো. মারুফ হাসান।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন মো. গোলাম মাওলা। —নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা