কুমিল্লা বোর্ডের ১৫৩ কলেজে ভর্তি হবে অনলাইনে
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিভুক্ত ছয় জেলার ১৫৩টি কলেজে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি-বাণিজ্য রোধ ও বিশেষ মহলের হস্তক্ষেপ বন্ধ করতে অনলাইনে ভর্তি কার্যক্রম সহায়ক ভূমিকা পালন করবে বলে অনেকেই আশা করছেন৷ গতকাল সোমবার সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের এক কর্মশালায় এ তথ্য জানানো হয়৷
গতকাল সোমবার বেলা ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে ১৫৩টি কলেজের অধ্যক্ষদের নিয়ে এক কর্মশালা হয়৷ কর্মশালায় বোর্ডের কলেজ পরিদর্শক মো. নিজামুল করিম, উপকলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী, সিস্টেম অ্যানালিস্ট বিকাশ চন্দ্র মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।
মো. নিজামুল করিম প্রথম আলোকে বলেন, এ বোর্ডের অধীনে ৩২৮টি কলেজ রয়েছে৷ এর মধ্যে যেসব কলেজে একাদশ শ্রেণিতে ৫০০ শতাধিক আসন রয়েছে, তাদের বাধ্যতামূলক অনলাইনের আওতায় আনা হয়েছে৷ একই সঙ্গে সর্বনিম্ন ৩০০ আসন রয়েছে, এমন কলেজও অনলাইনে শিক্ষার্থী ভর্তি করাতে পারবে৷ এবার ১৫৩টি কলেজ অনলাইনে ভর্তি কার্যক্রম হবে। শিক্ষার্থীরা টেলিটক মুঠোফোন থেকে এসএমএসের মাধ্যমে আবেদন করবে। আবেদন পাওয়ার পর কুমিল্লা শিক্ষা বোর্ড মেধাক্রম অনুযায়ী তালিকা তৈরি করবে৷ এরপর প্রতিটি কলেজের জন্য বোর্ড থেকে তৈরি ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে৷ বিস্তারিত: www.comillaboard.gov.bd।
—নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা