কুমিল্লা বোর্ডে এবার অনলাইনে পরীক্ষার ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষার ফলাফল অনলাইনে প্রকাশ করা হবে। এ জন্য বোর্ডের অধিভুক্ত ছয় জেলার ২৯৬টি কলেজে ইন্টারনেটের মাধ্যমে ফল পাঠানো হবে। একই সঙ্গে কলেজগুলোর শিক্ষার্থীদের ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফরম (ইএসআইএফ) বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান দেওয়া হবে। এ জন্য ১২ ও ১৩ জুলাই সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে এক কর্মশালার আয়োজন করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপীদাস কর্মশালায় প্রধান অতিথি থাকবেন। এতে ২৯৬টি কলেজের অধ্যক্ষ ও কম্পিউটার শিক্ষককে আমন্ত্রণ জানানো হয়েছে। কর্মশালায় মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. নিজামুল করিম প্রথম আলোকে বলেন, আগে সংশ্লিষ্ট কলেজগুলোতে এইচএসসি পরীক্ষার ফল হাতে হাতে পৌঁছানো হতো। এখন ই-মেইল ঠিকানায় ও ওয়েবসাইটে এইচএসসির ফল পাঠানো হবে। এতে সময় ও অর্থ ব্যয় কমবে। —নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা