কুমিল্লা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার বেড়েছে। একই সঙ্গে জিপিএ-৫ পেয়েছে আগের বছরের চেয়ে প্রায় দ্বিগুণসংখ্যক পরীক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে।

টানা তৃতীয়বার বোর্ডে সেরা হওয়ার গৌরব অর্জন করেছে কুমিল্লা জিলা স্কুল। বোর্ডের সেরা ২০ প্রতিষ্ঠানের ১১টিই কুমিল্লা জেলার। আরেকটি ভালো দিক হলো, কেউ পাস করেনি—এমন প্রতিষ্ঠান এবার নেই। দেশের ১০টি শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে কুমিল্লা বোর্ড চতুর্থ। গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রকাশিত ফলাফল বিবরণীতে এ তথ্য পাওয়া গেছে। 

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, এ বছর এই বোর্ডের অধিভুক্ত ছয় জেলার এক হাজার ৫৯৬টি বিদ্যালয় থেকে এক লাখ ২৯ হাজার ২০২ জন পরীক্ষায় অংশ নেয়। কৃতকার্য হয়েছে এক লাখ ১৬ হাজার ৩০৭ জন। এর মধ্যে মেয়ে ৬১ হাজার ১২১ জন ও ছেলে ৫৫ হাজার ১৮৬ জন। পাসের হার ৯০ দশমিক ৪১। ছেলেদের পাসের হার ৯২ দশমিক ৫৬, মেয়েদের ৮৮ দশমিক ৫৬। জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৮৫৫ জন। এর মধ্যে ছেলে চার হাজার ৪৯৬ জন, মেয়ে তিন হাজার ৩৫৯ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সোমেশ কর চৌধুরী বলেন, গতবারের চেয়ে এবার পাসের হার বেড়েছে ৪ দশমিক ৭৭। গতবার পাসের হার ছিল ৮৫ দশমিক ৬৪। জিপিএ-৫ বেড়েছে দুই হাজার ৬৭৬টি। গতবার জিপিএ-৫ ছিল পাঁচ হাজার ১৭৯টি। এবারও শহরের বিদ্যালয়গুলো ভালো ফল করেছে।

শতভাগ পাস করা প্রতিষ্ঠান বেড়েছে: এ বছর এক হাজার ৫৯৬টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ২৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস করেছে। এর আগে ২০১২ সালে ১৩০টি, ২০১১ সালে ১১২টি, ২০১০ সালে ৮৫টি প্রতিষ্ঠানের সবাই পাস করে। 

টানা তৃতীয়বার প্রথম কুমিল্লা জিলা স্কুল: বোর্ডের শীর্ষ ২০ প্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে কুমিল্লা জিলা স্কুল। এ নিয়ে টানা তৃতীয়বার প্রতিষ্ঠানটি বোর্ডসেরা হওয়ার গৌরব অর্জন করল। এবার বিদ্যালয়টির ৩৬১ জন পরীক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৩৩২ জন। বিজ্ঞানে ৩৪৪ জনের মধ্যে ৩২৭ জন জিপিএ-৫ পেয়েছে। ব্যবসায় শিক্ষা শাখায় ১৭ জনের মধ্যে পাঁচজন জিপিএ-৫ পায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার বলেন, ‘আমি সব সময় চেয়েছি, বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করুক। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সমন্বিত প্রচেষ্টায় এ ফল হয়েছে।’

এদিকে কুমিল্লা শহরের নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এই প্রথম বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই বিদ্যালয়ের ২৩৩ জন পরীক্ষার্থীর ২২৪ জনই জিপিএ-৫ পেয়েছে। 

সার্বিক ফলাফল সম্পর্কে জানতে চাইলে কুমিল্লার শিক্ষাবিদ আলী হোসেন চৌধুরী বলেন, ‘এবার পাসের হারটা অনেক বেশি। স্বল্প লেখাপড়া করেও পাস করা যায়, এবারের ফলাফলে সেটাই বোঝা গেছে।’ কুমিল্লা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. অলিউর রহমান বলেন, ‘সার্বিক ফলাফলে আমি সন্তষ্ট। শিক্ষক ও অভিভাবকদের নজরদারি ও শিক্ষার্থীদের চেষ্টার কারণে এ ফল হয়েছে।’