কুমিল্লা বোর্ডের নয়টি কলেজে অনলাইনে ভর্তি
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে নয়টি সরকারি কলেজে ২০১১-১২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে বোর্ডের চেয়ারম্যানের কক্ষে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তি-বাণিজ্য ঠেকাতে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।বোর্ডের কলেজ পরিদর্শক নিজামুল করিম প্রথম আলোকে জানান, এ বছর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, লাকসামের নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, নোয়াখালী সরকারি কলেজ, চৌমুহনী সরকারি এস এ কলেজ, চাঁদপুর সরকারি কলেজ ও ফেনী সরকারি কলেজে অনলাইনে ভর্তি কার্যক্রম চলবে। প্রতিবছর এ কলেজগুলোতে ভর্তির চাপ থাকে। ভর্তি-প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।এ ব্যাপারে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এম এম শফিউদ্দিন বলেন, ‘এর মাধ্যমে আরও স্বচ্ছভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যাবে। এতে বিভিন্ন মহলের চাপও ঠেকানো যাবে।’জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুন্ডু গোপীদাস বলেন, ‘প্রথমবার নয়টি কলেজ দিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। টেলিটকের মোবাইল ফোন সংযোগ থেকে ভর্তির জন্য আবেদন করা যাবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত দেওয়া থাকবে।’ —নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা