কুমিল্লা শিক্ষা বোর্ডে অনলাইন কর্মশালা শুরু
কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রথমবারের মতো চালু হচ্ছে ইলেকট্রনিক শিক্ষার্থী তথ্য ফরম (ইএসআইএফ)। একই সঙ্গে এবারই অনলাইনে এইচএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হবে। এ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান দেওয়ার জন্য গতকাল মঙ্গলবার থেকে বোর্ড মিলনায়তনে শুরু হয়েছে দুই দিনের এক কর্মশালা। উদ্বোধনী দিনে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ১৬০টি কলেজের অধ্যক্ষ ও কম্পিউটার শিক্ষা বিষয়ের ৩২০ জন শিক্ষক উপস্থিত ছিলেন। আজ বুধবার বিকেলে কর্মশালা শেষ হবে। মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠান টেলিটকের সহযোগিতায় ওই কর্মশালা হচ্ছে। গতকাল সকাল ১০টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বোর্ডের সচিব মো. অলিউর রহমান সভাপতিত্ব করেন। এতে বক্তৃতা করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এম এম শফিউদ্দিন, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম আছাদুজ্জামান, কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এ কে এম আলকাছুর রহমান, কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. নিজামুল করিমসহ অনেকে। কর্মশালায় টেলিটকের প্রতিনিধি মো. জাহিদুর রহমান এবং এ বি এম মামুন শিক্ষকদের উদ্দেশে বলেন, প্রতিটি কলেজের ওয়েবসাইট ও ই-মেইলের ঠিকানায় এবার এইচএসসি পরীক্ষার ফলাফল চলে যাবে। একই সঙ্গে ২০১১-১২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের তথ্য ইএসআইএফের মাধ্যমে সন্নিবেশ করা যাবে। কর্মশালায় শিক্ষকদের ইন্টারনেট থেকে ফলাফলবের করা ও ইএসআইএফ পূরণের সূত্র দেখানো হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক শাখার কর্মকর্তা মো. আবদুল খালেক বলেন, আজ কর্মশালার শেষদিনে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চাঁদপুর জেলার ১৩৬টি কলেজের অধ্যক্ষ ও কম্পিউটার শিক্ষকেরা উপস্থিত থাকবেন। কর্মশালায় অংশ নেওয়া বেশ কয়েকজন অধ্যক্ষ ও কম্পিউটার শিক্ষক জানান, ‘কম্পিউটারের মাধ্যমে পরীক্ষার ফলাফল পাওয়া ও শিক্ষার্থীদের তথ্য পূরণ করে ইন্টারনেটের মাধ্যমে পাঠানোর কলাকৌশল সম্পর্কে আমাদের ধারণা দেওয়া হয়েছে। এটা আমাদের কাজে লাগবে।’ —গাজীউল হক, কুমিল্লা