কুমিল্লা শিক্ষা বোর্ডে ই-এসআইএফের কর্মশালা
২০১১ সাল থেকে কুমিল্লা শিক্ষা বোর্ডে নবম শ্রেণীর শিক্ষার্থীদের নিবন্ধন হবে অনলাইনের মাধ্যমে। এ জন্য গত শনিবার ইলেক্ট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফরম (ইএসআইএফ)-বিষয়ক শিক্ষা বোর্ড মিলনায়তনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। শিক্ষা বোর্ডের সচিব মো. অলিউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুণ্ড গোপীদাস বলেন, ‘আগে শিক্ষকদের দূরদূরান্ত থেকে বোর্ডে এসে নিবন্ধন ফরম নিতে হতো। এতে ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতি হতো। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফরম পূরণ করে পাঠাতে পারবে। এ ক্ষেত্রে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটক সহযোগিতা করবে।’ কর্মশালায় বক্তব্য দেন বোর্ডের কলেজ পরিদর্শক মো. নিজামুল করিম, বিদ্যালয় পরিদর্শক সোমেশ কর চৌধুরী, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক মো. শামসুজ্জোহাসহ অনেকে। কর্মশালায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয় জেলার ৬৫টি সরকারি-বেসরকারি বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষকেরা অংশ নেন। কর্মশালায় অংশ নেওয়া নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক নিখিল চন্দ্র বর্মণ বলেন, ‘কর্মশালায় নিবন্ধন ফরম পূরণের যে পদ্ধতি শেখানে হলো তা আমাদের কাজে লাগবে।’ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রাধাকান্ত নন্দী বলেন, ‘অনলাইনের মাধ্যমে ই-এসআইএফ ফরম পূরণ হলে কাজগুলো অনেক ছোট হয়ে আসবে।’ কুমিল্লার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চবিদ্যালয়ের কম্পিউটার শিক্ষা বিভাগের শিক্ষক আঞ্জুমান আরা বেগম ও দেবীদ্বারের রিয়াজ উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয়ের একই বিভাগের শিক্ষক মিতা বেগম বলেন, ‘ডিজিটাল ক্যামেরা, স্ক্যানার এবং ইন্টারনেটের পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকলে এ প্রযুক্তি শিক্ষার্থীদের কাজে লাগবে।’ কর্মশালায় শিক্ষকদের দিনব্যাপী ই-এসআইএফ ফরম পূরণের কলাকৌশল সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। পরবর্তী পর্যায়ে আরো শিক্ষকদের অন্তর্ভুক্ত করার জন্য জেলা পর্যায়ে এ ধরনের কর্মশালা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। —কুমিল্লা অফিস