কুমিল্লা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্র চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্র নিজ দপ্তরে চালু হয়েছে। গত শনিবার বিকেলে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুণ্ডু গোপী দাস কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে বোর্ডের যেকোনো তথ্য খুব সহজেই সেবাগ্রহীতারা পাবে বলে জানা গেছে। বোর্ডের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় ৩০টি কম্পিউটার দিয়ে ওই কেন্দ্র সাজানো হয়েছে। বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট বিকাশ চন্দ্র মল্লিক প্রথম আলোকে বলেন, ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীদের খুব সহজে এখান থেকে সেবা দেওয়া যাবে। কারও কোনো নম্বর নিয়ে আপত্তি থাকলে দ্রুত পরীক্ষা করে কম্পিউটারের মাধ্যমে এ তথ্য জানানো যাবে। এতে কাজের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমে আসবে। কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মচারী সমিতির সভাপতি ও উচ্চ মাধ্যমিক শাখার সেকশন অফিসার মো. আবদুল খালেক বলেন, ১৯৯৪ সালে বুয়েট থেকে প্রথম কম্পিউটার কেন্দ্রের যাত্রা শুরু হয়। ১৯৯৫ সালে শিক্ষা বোর্ড কম্পিউটার কেন্দ্র থেকে কুমিল্লা শিক্ষা বোর্ডের কার্যক্রম পরিচালিত হতো। কেন্দ্রটি চালু হওয়ার ফলে সময় এবং অর্থের অপচয় রোধ হবে। যেকোনো শিক্ষক কিংবা শিক্ষার্থী ও অভিভাবকদের তথ্যের জন্য আর দেরি করতে হবে না। এর মাধ্যমে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়া আরও এক ধাপ এগিয়ে যাবে। প্রসঙ্গত, ১৯৬২ সালে কুমিল্লা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয়। ৪৮ বছর পর কম্পিউটার কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে বোর্ডের অধিভুক্ত স্কুল ও কলেজগুলো এর সেবা পাবে। —নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা