কুমিল্লায় ই-সেবাকেন্দ্র নিয়ে সেমিনার
টেকসই ই-সেবাকেন্দ্র নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা বলেছেন, জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য তথ্যপ্রযুক্তির বিকল্প নেই। প্রযুক্তির কারণেই বাংলাদেশ অনেক সূচকে উন্নতি করেছে। দেশের সামগ্রিক অগ্রগতিতে পরিবর্তন এসেছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে গ্রামের মানুষ ই-সেবা পাচ্ছে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তির সহায়তায় ই-সেবা গ্রহণ করতে হবে। এতে সময় ও অর্থ অপচয় কম হবে।
শনিবার কুমিল্লায় ই-সেবাকেন্দ্রবিষয়ে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর ছয় জেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
কুমিল্লার জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ বলেন, তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে নাটোরের একটি ই-সেবাকেন্দ্র পাঁচ লাখ টাকা উপার্জন করেছে। ভবিষ্যতে আইসিটি অধিদপ্তর হলে এর মাধ্যমে বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কাজ হবে। তখন জনগণ টেকসই প্রযুক্তির আরও সুফল পাবে।
সেমিনারে বক্তব্য দেন বিসিসির পরিচালক মো. হারুনুর রশিদ, কুমিল্লার দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান রাজি মো. ফখরুল, বুড়িচং উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনা আফরোজাসহ অনেকে। সেমিনারে মূল প্রবন্ধ পড়েন বিসিসির সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ মহিদুর রহমান খান। —কুমিল্লা অফিস