কুমিল্লায় জিপিএ ৫ বেড়েছে, কমেছে পাসের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তির হার বেড়েছে। জিপিএ-৫ পেয়েছে দশ হাজার ৯৪৫ জন। তবে এবারে পাসের হার গতবারের চেয়ে দশমিক ৪৯ ভাগ কমেছে।
আজ শনিবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রকাশিত ফলাফল বিবরণীতে এ তথ্য পাওয়া গেছে।

এবারে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীদের চেয়ে এগিয়ে আছে ছাত্ররা। শতভাগ পরীক্ষার্থী পাস করা বিদ্যালয়ের সংখ্যাও কমেছে। শূন্য ভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা নেই। বোর্ডের সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১১ টিই কুমিল্লা জেলার। আর টানা চতুর্থবারের মতো বোর্ডে প্রথম হয়েছে কুমিল্লা জিলা স্কুল। গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ প্রাপ্তির হার প্রায় দ্বিগুণ বেড়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিভূক্ত ছয় জেলার এক হাজার ৬২০ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক লাখ ৪৫ হাজার ১৩ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে এক লাখ ২৯ হাজার ৮৬৮ জন। যার মধ্যে ছাত্র ৬০ হাজার ৬০০ জন ও ছাত্রী ৬৯ হাজার ২৬৮ জন। পাসের হার ৮৯ দশমিক ৯২। ছেলেদের পাসের হার ৯২ দশমিক শূন্য ২, মেয়েদের পাসের হার ৮৮ দশমিক ১৬। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৯৪৫ জন। এর মধ্যে ছেলে পাঁচ হাজার ৬৮৬ জন, মেয়ে পাঁচ হাজার ২৫৯ জন।

এ বছর বিজ্ঞান বিভাগে ২৯ হাজার ১৯৪ জন পরীক্ষা দিয়ে কৃতকার্য হয় ২৭ হাজার ৬২৩ জন। পাসের হার ৯৪ দশমিক ৭৫। এতে ছেলেদের পাসের হার ৯৫ দশমিক ২৯, মেয়েদের পাসের হার ৯৪ দশমিক শূন্য ৫। বিজ্ঞানে জিপিএ-৫ পেয়েছে আট হাজার ২৯২ জন। এর মধ্যে ছেলে চার হাজার ৭১৮ জন, মেয়ে তিন হাজার ৫৭৪ জন।

মানবিক বিভাগে ৩৪ হাজার ৪৪০ জন পরীক্ষা দিয়ে কৃতকার্য হয় ২৮ হাজার ১২০ জন। পাসের হার ৮২ দশমিক ২০। ছেলেদের পাসের হার ৮২ দশমিক ৯৭, মেয়েদের পাসের হার ৮২ দশমিক ২০। মানবিকে জিপিএ-৫ পেয়েছেন ১৭২ জন। এর মধ্যে ১৫ জন ছেলে, ১৫৭ জন মেয়ে।

ব্যবসায় শিক্ষা শাখায় ৮১ হাজার ৩৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয় ৭৪ হাজার ১২৫ জন। পাসের হার ৯১ দশমিক ৪৪। ছেলেদের পাসের হার ৯২ দশমিক ২৫, মেয়েদের পাসের হার ৯০ দশমিক ৫৬।

ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৪৮১ জন। এর মধ্যে ৯৫৩ জন ছেলে ও এক হাজার ৫২৮ জন মেয়ে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক সিহাব উদ্দিন আহমেদ বলেন, গত বছর কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ৪১। এবার পাসের হার কমেছে দশমিক ৪৯ ভাগ। এ বছর জিপিএ-৫ পেয়েছে দশ হাজার ৯৪৫ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৮৫৫ জন। এবার জিপিএ-৫ বেড়েছে তিন হাজার ৯০ জন। বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ বেড়ে যাওয়ায় এবার প্রথমবারের মতো কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসিতে দশ হাজার ছাড়িয়ে গেছে জিপিএ ৫ এর সংখ্যা। ২০১০ সালে এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল পাঁচ হাজার ৮৬৩ জন। গ্রেডিং পদ্ধতির ইতিহাসে এবারই রেকর্ড সংখ্যক জিপিএ-৫ পায় কুমিল্লা বোর্ড।


শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে
এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এক হাজার ৬২০ টি শিক্ষা প্রতিষ্ঠান এসএসসি পরীক্ষায় অংশ নেয়। গতবারের চেয়ে এবার ১০৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী শতভাগ কম পাস করেছে। এবার ১৬৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। এর আগে ২০১৩ সালে ২৭৫ টি, ২০১২ সালে ১৩০টি, ২০১১ সালে ১১২টি, ২০১০ সালে ৮৫টি, ২০০৯ সালে ৪৫টি, ২০০৮ সালে ৭২টি, ২০০৭ সালে ছয়টি, ২০০৬ সালে ৩২টি, ২০০৫ সালে ১৭টি এবং ২০০৪ সালে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। তবে এবার শূণ্যভাগ পাস করা প্রতিষ্ঠান নেই।

টানা চারবার বোর্ডে প্রথম কুমিল্লা জিলা স্কুল

কুমিল্লা শিক্ষা বোর্ডের শীর্ষ ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে কুমিল্লা জিলা স্কুল। ওই বিদ্যালয়ের ৩৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭২ জন কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৩৫৩ জন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার বলেন, ‘শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সমন্বিত প্রচেষ্টায় এ ফল হয়েছে। অপেক্ষাকৃত পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে যত্ন নেওয়ায় সাফল্যের ধারা অব্যাহত রয়েছে।’

সার্বিক ফল প্রসঙ্গে কুমিল্লার বিশিষ্ট শিক্ষাবিদ ও লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. হারুনুর রশিদ বলেন, ‘জিপিএ-৫ বেড়েছে সেটা বড় কথা নয়, শিক্ষার মান বেড়েছে কি না সেটাই প্রশ্ন। শর্টকাট পদ্ধতিতে মুখস্থ করে ভালো ফল করা যায়। এই ফলাফলে খুশি হওয়ার কোন কারণ নেই। পাঠশালায় মৌলিক শিক্ষা না পাওয়ায় উচ্চ শিক্ষার ক্ষেত্রে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের অনেকেই হারিয়ে যায়।’

কুমিল্লা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, ‘পাসের হার কিছুটা কমলেও জিপিএ-৫ বেড়েছে। প্রকাশিত ফলাফলে বোর্ড সন্তুষ্ট।’