কুমিল্লায় ৪১৮ শিক্ষককে ই-সেবা প্রশিক্ষণ
শিক্ষা প্রশাসনে ই-সেবা নিশ্চিত করতে গতকাল শনিবার দিনব্যাপী কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিভুক্ত ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ৪১৮ জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের উদ্যোগে ওই প্রশিক্ষণ দেওয়া হয়। এতে ফেনীর ১৮৩ জন ও ব্রাহ্মণবাড়িয়ার ২৩৫ জন শিক্ষক অংশ নেন।
সকালে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সোমেশ কর চৌধুরী, উপ-বিদ্যালয় পরিদর্শক মো. কামরুজ্জামান ও জাহিদুল হক। প্রশিক্ষণে প্রযুক্তিগত সহায়তা দেয় কপোট্রনিক ইনফো সিস্টেম লিমিটেড। এর আগে ১৯ সেপ্টেম্বর কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে প্রথম পর্বের প্রশিক্ষণ হয়।
কর্মশালায় শিক্ষকদের কারিগরি দিক সম্পর্কে ধারণা দেন কপোট্রনিক ইনফো সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরুল হাসান চৌধুরী ও ওয়েব প্রোগ্রামার আবু সাদাত মো. সায়েম।
শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সোমেশ কর চৌধুরী বলেন, ‘ই-সেবার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা বাড়িতে বসে বোর্ডের হালনাগাদ সব তথ্য পাওয়া যাবে। এতে অর্থ ও সময়—দুটিই সাশ্রয় হবে।’ প্রশিক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েব পোর্টাল এবং এর বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষকদের ধারণা দেওয়া হয়। www.comillaboard.gov.bd ওয়েবসাইটে সব তথ্য জানা যাবে। —নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা