কুমিল্লার ৮০ কলেজে এবার অনলাইনে ভর্তি
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনের ৮০টি সরকারি ও বেসরকারি কলেজে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে। ভর্তির চাপ, ভর্তির বাণিজ্য ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। আগামীকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। গত বছর এ বোর্ডের অধীনে কেবল নয়টি সরকারি কলেজে অনলাইনে ভর্তির কার্যক্রম চলে। সংশ্লিষ্ট কলেজের আগ্রহ, আসনসংখ্যার অতিরিক্ত শিক্ষার্থীর চাপ ও অনলাইনের সুযোগ সুবিধা থাকায় বোর্ড ৮০টি কলেজকে শনাক্ত করে বলে জানা গেছে। বোর্ডের কলেজ পরিদর্শক মো. নিজামুল করিম প্রথম আলোকে জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয় জেলায় ৩০০টি সরকারি ও বেসরকারি কলেজ রয়েছে। এর মধ্যে ৩৪টি সরকারি। গত বছর নয়টি সরকারি কলেজকে অনলাইনের আওতায় আনা হয়েছিল। এবার সরকারি-বেসরকারি মিলিয়ে ৮০টি কলেজ অনলাইনে ভর্তির কার্যক্রম চালাবে। ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য ওই উদ্যোগ নেওয়া হয়েছে। কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবীর বলেন, ‘এর মাধ্যমে আরও স্বচ্ছভাবে ভর্তির কার্যক্রম সম্পন্ন করা যাবে।’ জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুন্ডু গোপীদাস বলেন, ‘গত বছর নয়টি সরকারি কলেজ দিয়ে ওই উদ্যোগ নেওয়া হয়েছিলো। এবার ওই সংখ্যা বেড়েছে। কলেজগুলোর আগ্রহ এবং ভর্তি বিড়ম্বনা ঠেকাতে ওই উদ্যোগ নেওয়া হয়। কুমিল্লা বোর্ডের জন্য ৮০টি কলেজের নাম প্রস্তাব করা হবে।’প্রসঙ্গত গত বছর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, লাকসামের নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, নোয়াখালী সরকারি কলেজ, চৌমুহনী সরকারি এস এ কলেজ, চাঁদপুর সরকারি কলেজ ও ফেনী সরকারি কলেজে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয়। —গাজীউল হক, কুমিল্লা