কুমিল্লায় কম্পিউটার শিক্ষকদের প্রশিক্ষণ
কুমিল্লা জিলা স্কুলের কম্পিউটার ল্যাবে জেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কম্পিউটার শিক্ষকদের প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণে শিক্ষকদের কম্পিউটার ল্যাব ব্যবস্থাপনা, নেটওয়ার্কিং সিস্টেম, হার্ডওয়্যার ব্যবস্থাপনা ও কম্পিউটারসংক্রান্ত বিভিন্ন বিষয় শেখানো হচ্ছে। গত শনিবার থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে ৩০ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সহকারী প্রোগ্রামার মমিনুল হক শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি জানান, ‘কম্পিউটার ল্যাব পরিচালনার জ্ঞান প্রশিক্ষণার্থী শিক্ষকদের নেই। এ ক্ষেত্রে খুঁটিনাটি বিষয়গুলো আয়ত্তে আনার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে করে তাঁরা নিজ নিজ প্রতিষ্ঠানের ল্যাব যত্নসহকারে পরিচালনা করতে পারেন। প্রশিক্ষণের পর শিক্ষকদের সনদ দেওয়া হবে।’ সম্প্রতি বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় এবং বিসিসি কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচটি করে কম্পিউটার ও দুটি মডেম দেয়। সেগুলো রক্ষণাবেক্ষণের জন্যই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। শনিবার প্রশিক্ষণের উদ্বোধন করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল মান্নান। এ সময় কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র ভৌমিক উপস্থিত ছিলেন। —গাজীউল হক, কুমিল্লা