কুমিল্লায় চলছে ডিজিটাল উদ্ভাবনী মেলা
কুমিল্লায় চলছে তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৩। গত রোববার জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে ওই মেলা শুরু হয়। মেলার উদ্বোধন শেষে আয়োজিত ‘ডিজিটাল প্রযুক্তির সর্বজনীন ব্যবহার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি সাংসদ আ ক ম বাহাউদ্দিন বলেন, ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সেবার সর্বোত্তম ব্যবহার বাড়ানোর জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ সভায় বক্তব্য দেন কুমিল্লার জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুক, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার ভৌমিক ও কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম আছাদুজ্জামানসহ অনেকে। মেলায় ৩০ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান স্টল দেয়। এতে শিক্ষার্থীদের প্রযুক্তির নানা দিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সেবা নেওয়ার কৌশল দেখানো হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওই মেলা চলছে। আজ এ মেলা শেষ হবে। —নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা