কুমিল্লায় জিপিএ-৫ বেড়েছে চার গুণের বেশি
কুমিল্লা শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ বেড়েছে চার গুণের বেশি। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৯৫ জন শিক্ষার্থী। তবে পাসের হার গতবারের চেয়ে এবার কমেছে।এই হার ৯০ দশমিক ৪৫ শতাংশ। এবার পাসের হারে ছেলেরা এবং জিপিএ-৫-এ মেয়েরা এগিয়ে।
এবার বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শহরের নামকরা প্রতিষ্ঠান বেশি স্থান পেয়েছে। তবে বোর্ডের অধিভুক্ত দুই ক্যাডেট কলেজ এ বছর মেধাতালিকার প্রথম দিকে নেই। আজ রোববার ওই ফল প্রকাশ করা হয়। বোর্ডে এবার শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যাও কমেছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, ২০১৩ সালে জেএসসি পরীক্ষায় বোর্ডের অধিভুক্ত ছয় জেলার এক হাজার ৮৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ ৯৪ হাজার ৫৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে এক লাখ ৭৫ হাজার ৯৬৯ জন। ছেলেদের পাসের হার ৯১ দশমিক ৬ এবং মেয়েদের পাসের হার ৮৯ দশমিক ৫৬। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৯৫ জন। এর মধ্যে ছেলে ছয় হাজার ৬৬৫ জন, মেয়ে নয় হাজার ৪৩০ জন। এ বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান ৩১৪টি ।
২০১২ সালে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৯১ দশমিক ৮৬। এবার কমেছে পাসের হার ১ দশমিক ৪১ ভাগ। গত বছর জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৭৬৩ জন। এ বছর এক লাফেই বেড়েছে ১২ হাজার ৩৩২টি। গত বছর ৪১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে। এবার এ সংখ্যা ৩১৪।
এদিকে কুমিল্লা বোর্ডে সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রথম কুমিল্লা জিলা স্কুল, দ্বিতীয় নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও তৃতীয় কুমিল্লা মডার্ন হাইস্কুল। সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লা জেলার ১০টি, ফেনীর তিনটি, চাঁদপুরের তিনটি, নোয়াখালীর তিনটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি বিদ্যালয় রয়েছে। তবে সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে লক্ষ্মীপুর জেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। এ বছর সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লার গ্রামাঞ্চলের একটি বিদ্যালয় বেশ ভালো করেছে। কুমিল্লার বরুড়া উপজেলার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চবিদ্যালয়ের ২৫৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৪০ জন। বোর্ডে এর অবস্থান ১৪তম। ক্যাডেট কলেজের মধ্যে ফেনী গার্লস ক্যাডেট কলেজ চতুর্থ ও কুমিল্লা ক্যাডেট কলেজ ষষ্ঠ স্থানে রয়েছে। ক্যাডেট কলেজের সবাই জিপিএ-৫ পেয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, এ বছর চতুর্থ বিষয় থাকায় জিপিএ-৫ বেড়েছে। অবরোধ, হরতাল না থাকলে পাসের হার আরও বাড়ত। শিক্ষার্থীরা আতঙ্ক নিয়ে পরীক্ষা দিয়েছে। কয়েক দফা পরীক্ষার সময়সূচি পরিবর্তন হওয়ায় পাসের হারে ছন্দপতন হয়েছে।