কুমিল্লায় মাল্টিমিডিয়া প্রজেক্টরে পাঠদান
শ্রেণীকক্ষে পাঠদানকে আনন্দময় করে তুলতে কুমিল্লার ৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একই সঙ্গে দুর্বোধ্য বিষয়কে সহজে উপস্থাপন করা যাচ্ছে। শিক্ষার্থীরাও এর সুফল পাচ্ছে। কুমিল্লা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রশিদ সরকার গতকাল সোমবার দুপুরে তাঁর দপ্তরে প্রথম আলোকে এসব কথা বলেন। জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৩৭টি, সদর দক্ষিণের ১৩, আদর্শ সদর উপজেলার ১০, হোমনায় আট, মুরাদনগরে ছয়, দাউদকান্দিতে পাঁচ, মেঘনায় তিন, চৌদ্দগ্রামে তিন, ব্রাহ্মণপাড়ায় তিন, বরুড়ায় দুই, লাকসাম, বুড়িচং, চান্দিনা, তিতাস ও নাঙ্গলকোট উপজেলার একটি করে শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরে পাঠদান হচ্ছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের অর্থায়নে এবং জেলা শিক্ষা অফিসের মাধ্যমে ওই প্রজেক্টর কেনে। শিক্ষা কর্মকর্তা আরও জানান, ‘মাল্টিমিডিয়া প্রজেক্টরে পাঠদান করানোর ফলে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমবে। পর্যায়ক্রমে জেলার সব উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তা ক্রয় করবে।’বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জুনাব আলী বলেন, ‘বিদ্যালয়ের তহবিল থেকে আমরা একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর কিনি। পরে সরকারিভাবে আমাদের আরও একটি প্রজেক্টর দেওয়া হয়।’ —নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা