কুমিল্লায় শুরু হয়েছে তথ্যপ্রযুক্তি মেলা
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) কুমিল্লা শাখার আয়োজনে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম-জিমনেসিয়ামে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে তথ্যপ্রযুক্তি মেলা। ‘বিসিএস ডিজিটাল এক্সপো কুমিল্লা ২০১২’ শিরোনামের এ আয়োজনে সহযোগিতা করছে আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল। গতকাল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, বিসিএস সভাপতি মো. ফয়েজউল্যাহ খান, পরিচালক মোস্তাফা জব্বার, মজিবুর রহমান, মহাসচিব শাহিদ-উল-মুনীর, বিসিএস কুমিল্লা শাখার চেয়ারম্যান এবং প্রদর্শনীর আহ্বায়ক নজরুল আমিন মোল্লা, মহাসচিব মজিবুর রহমানসহ অনেকে। মেলায় ৩২টি স্টল এবং ছয়টি প্যাভিলিয়নে ২৭টি দেশি-বিদেশি ও স্থানীয় তথ্যপ্রযুক্তির ব্র্যান্ড, আমদানিকারক, প্রস্তুতকারক ও সরবরাহকারী অংশ নিচ্ছে। মেলায় গ্লোবাল ব্র্যান্ডের বিভিন্ন পণ্যে ক্রেতারা পাবেন বিশেষ ছাড় ও উপহার। এছাড়া সেফ আইটি সার্ভিসেস লিমিটেডে নিজস্ব কনিকা মিনোল্টা, পিসিআই, আরসি মেমোরি, এসটেক, আইগ্রিন ব্র্যান্ডের বিভিন্ন প্রযুক্তিপণ্যে দিচ্ছে বিশেষ মূল্যছাড় ও উপহার। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। প্রবেশমূল্য ১০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখানো সাপেক্ষে বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। মেলা চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। মেলার পৃষ্ঠপোষক ফুজিৎসু, মাইক্রোল্যাব, নরটন, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, সেফ আইটি সার্ভিসেস লিমিটেড, ইউনাইটেড কম্পিউটার সেন্টার ও হিটাচি। —নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা