কুমেরুর বরফের ত্রিমাত্রিক মানচিত্র
প্রথমবারের মতো কুমেরুর সমুদ্র-তলদেশের বরফের তথ্যসহ একটি ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করেছেন গবেষকেরা। তাঁদের দাবি, এ মানচিত্র অ্যান্টার্কটিকা মহাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে ধারণা দিতে সক্ষম হবে। খবর রয়টার্সের।অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র—আটটি দেশের গবেষকদের একটি দল রোবট সাবমেরিন ব্যবহার করে অ্যান্টার্কটিক সমুদ্রের বরফের নিচের অংশের বরফের পুরুত্বের তথ্য সংগ্রহ করেছে। পাশাপাশি বিমান ব্যবহার করে ওপরের অংশের তথ্যও সংগ্রহ করেছেন ওই দলের সদস্যরা। এ দুই ধরনের তথ্য একসঙ্গে করে বরফের পুরুত্বসংক্রান্ত সঠিক তথ্য ও বৈশ্বিক উষ্ণতার প্রভাব সম্পর্কে জানতে পারবেন বলেই তাঁরা আশা করছেন।অ্যান্টার্কটিকার হিমবাহবিশেষজ্ঞ লাইসার এ প্রসঙ্গে জানিয়েছেন, অধিকাংশ পরিবেশবিজ্ঞানী বরফের পুরুত্বের বিষয়টিকে জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত তথ্যের জন্য গুরুত্বপূর্ণ মনে করেন। যদি বৈশ্বিক উষ্ণায়নের ফলে বরফের পুরুত্বে কোনো পরিবর্তন দৃষ্টিগোচর হয়, তবে থ্রিডি বা ত্রিমাত্রিক মানচিত্র ব্যবহার করে এর হার বের করা সম্ভব হবে।লাইসার আরও জানিয়েছেন, গবেষকদের কাছে সুমেরুর বরফের পরিবর্তন-সম্পর্কিত তথ্য দীর্ঘদিন ধরে রয়েছে, তবে তাঁদের পক্ষে কুমেরুর বরফের আস্তরণে পরিবর্তন-সংক্রান্ত কোনো তথ্য এত দিন রাখা সম্ভব হয়নি, যা এবারে সম্ভব হয়েছে।