কুলাউড়ায় তথ্যকল্যাণীদের যাত্রা শুরু
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও গ্রামে শুরু হয়েছে তথ্যকল্যাণী কার্যক্রম। বেসরকারি সংস্থা ‘উই আর ফ্রেন্ডস ফর হিউম্যান (ওয়াফ) পল্লীতথ্যকেন্দ্র’-এর উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়। গত রোববার আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন, ডি. নেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান, ওয়াফ পল্লীতথ্যকেন্দ্রের নির্বাহী পরিচালক আবদুল মালিকসহ অনেকে।
ডি. নেট ও ফেয়ার প্রাইস ইন্টারন্যাশনাল লিমিটেডের কারিগরি সহায়তায় তথ্যকল্যাণীদের বিভিন্ন যন্ত্রপাতি ক্রয়ে সহজ শর্তে ঋণ প্রদান করছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এতে প্রায় ১১ জন নারী বাইসাইকেলে করে প্রত্যন্ত এলাকার বাড়িতে গিয়ে সাধারণ মানুষকে তথ্য ও স্বাস্থ্যসেবা দেবেন। প্রত্যেকের কাছে থাকছে একটি করে ল্যাপটপ, ইন্টারনেটযুক্ত মডেম, ছাপাযন্ত্র, ডিজিটাল ক্যামেরা, ওজন পরিমাপক যন্ত্র, রক্তচাপ পরিমাপক যন্ত্র ইত্যাদি।