কুলাউড়ায় ইউআইসি বিষয়ে কর্মশালা
মৌলভীবাজারের কুলাউড়ায় গত শনিবার ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইসি) বিষয়ে ‘দৃষ্টান্ত থেকে শিখি’ শীর্ষক একটি কর্মশালা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় উপজেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে। এতে কুলাউড়াসহ আশপাশের জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব এবং উদ্যোক্তারা অংশ নেন। বেলা ১০টায় কুলাউড়া উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান আবদুল মতিনের সভাপতিত্বে কর্মশালার প্রথম পর্যায়ের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল বারিক, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা, কুলাউড়ার ভাইস চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম। বক্তব্য দেন জায়ফরনগর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান নজমূল ইসলাম, সুজানগরের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান নছিব আলী, বরমচালের ইউপি সচিব রকিবুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন কুলাউড়ার ইউএনও হাফিজুর রহমান চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) আবু কায়সার খান।জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, ‘প্রত্যন্ত এলাকার লোকজন এখনো ইউআইসি সম্পর্কে ভালোভাবে জানে না। প্রত্যেকটি ইউআইসিতে অনলাইনে জন্মনিবন্ধন, টেলিমেডিসিন, পাসপোর্টের আবেদন, চাকরির আবেদন, পরীক্ষার ফলাফল, কৃষিসংক্রান্ত সমস্যায় পরামর্শসহ বিভিন্ন সুবিধা পাওয়া যায়। এসব তথ্য লোকজনকে জানাতে হবে। উদ্যোক্তাদের আরও তৎ পর হতে হবে।’ দ্বিতীয় পর্যায়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে কুলাউড়া ও জুড়ী উপজেলার কয়েকটি ইউআইসির উদ্যোক্তারা তাঁদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। —জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি