কুষ্টিয়ায় চলছে বিজ্ঞান জয়োৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় বেলুন উড়িয়ে বিজ্ঞান জয়োৎসবের আঞ্চলিক পর্বের অনুষ্ঠান উদ্বোধন করা হয়। ছবিটি সকালে কুষ্টিয়া পৌরসভা মিলনায়তন থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া
কুষ্টিয়ায় বেলুন উড়িয়ে বিজ্ঞান জয়োৎসবের আঞ্চলিক পর্বের অনুষ্ঠান উদ্বোধন করা হয়। ছবিটি সকালে কুষ্টিয়া পৌরসভা মিলনায়তন থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া

কুষ্টিয়ায় শুরু হয়েছে সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবের আঞ্চলিক পর্বের অনুষ্ঠান। আজ বুধবার সকাল সাড়ে নয়টায় কুষ্টিয়া পৌরসভা মিলনায়তনে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন উৎসবের উদ্বোধন করেন। 
উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, পুঁথিগত বিদ্যা দিয়ে গোল্ডেন এ প্লাস পাওয়া যায়, কিন্তু ভালো কিছু করা যায় না। পৃথিবীকে জানতে হলে, ভালো কিছু করতে হলে, পত্রিকা পড়তে হবে, বই পড়তে হবে। আধুনিক পৃথিবীর কাছে যেতে হলে বিজ্ঞানচর্চা করতে হবে।
মেয়েরা বিজ্ঞান শিক্ষায় কম আসছে বলে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ‘আমাদের দেশে বিজ্ঞানের জয়যাত্রায় মেয়েদের অংশ গ্রহণ কম। মেয়েদের অষ্টম শ্রেণিতে থেমে গেলেই চলবে না। বাধা অতিক্রম করার শক্তি সঞ্চয় করতে হবে, এগিয়ে যেতে হবে।’
সকাল সোয়া নয়টার দিকে উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে অতিথি বেলুন ওড়ান। এরপর প্রথম আলো যুব কর্মসূচি ও বিজ্ঞান জয়োৎসবের সমন্বয়ক মুনির হাসান স্বাগত বক্তব্য দেন। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ারুল হক, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আহসান-উল-আম্বিয়া ও সিটি ব্যাংকের কুষ্টিয়া শাখা ব্যবস্থাপক মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। দিনব্যাপী এই আয়োজনে দুপুরের পর বিজয়ীদের সনদ ও পদক দেওয়া হবে।