কুষ্টিয়ায় ডিজিটাল মেলা শুরু
কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার সকালে দুই দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। এই মেলা আজ সন্ধ্যা পর্যন্ত চলবে। ‘জনগণের দোরগোড়ায় সেবা’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান। তিনি কুষ্টিয়ার তরুণ প্রজন্মকে আউটসোর্ির্সং কাজে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, এক বছরের মধ্যে কুষ্টিয়া জেলার সব উপজেলাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ওয়েব পোর্টাল করা হবে। যার মাধ্যমে গ্রামের মানুষ ঘরে বসেই সবকিছু জানতে ও দেখতে পারবে।কুষ্টিয়া পৌরসভা মিলনায়তনে জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব পরীক্ষিত দত্ত চৌধুরী, আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ইফতেখার মাহমুদ, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ প্রমুখ। বক্তারা বলেন, পৌষমেলা, মধুমেলা, রথের মেলাসহ অনেক মেলা হয়েছে। কিন্তু ডিজিটাল মেলার এমন আয়োজন দেখে খুবই ভালো লাগছে। ডিজিটাল ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ৭০টি স্টল ঘুরে দেখেন। মেলার বিভিন্ন কর্মকাণ্ড স্থানীয় কেব্ল নেটওয়ার্কের মাধ্যমে কুষ্টিয়া মেহেরপুর ও রাজবাড়ী জেলার পাংশায় দেখানো হচ্ছে। —তৌহিদী হাসান, কুষ্টিয়া