কুষ্টিয়ায় তিন জেলার ইনোভেশন সার্কেল
কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সমন্বয়ে ইনোভেশন সার্কেল সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এই সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ।
কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে সভায় চুয়াডাঙ্গার জেলা প্রশাসক সায়মা ইউনুস, মেহেরপুরের জেলা প্রশাসক পরিমল সিংহসহ তিন জেলার ইনোভেশন দলের সদস্য এবং জেলা ও উপজেলা পর্যায়ের উদ্ভাবকেরা উপস্থিত ছিলেন। সভায় তিন জেলার তিনজন কর্মকর্তা তাঁদের নিজ নিজ জেলার ইনোভেশন কার্যক্রমের উপস্থাপনা দেন।
বিভাগীয় কমিশনার প্রচলিত কাজের ধারার মধ্যে থেকেই সেবা প্রদানপ্রক্রিয়া কীভাবে সহজ করা যায়, উদ্ভাবনী প্রয়াসের সুফল কীভাবে সেবাগ্রহীতারা পায়, উদ্ভাবনী উদ্যোগগুলোকে মাঠে প্রয়োগ, ফ্রিল্যান্সিয়ের ওপর বেশি গুরুত্ব দেওয়া ইত্যাদি বিষয়ে পরামর্শ দেন।
কুষ্টিয়ার জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় ইতিমধ্যেই অনেক উদ্ভাবনী প্রয়াস সফলতা অর্জন করেছে। আর কিছু ধারণা বাস্তবায়ন করা হচ্ছে।
সভায় তিনটি ইনোভেশন পুরস্কারও দেওয়া হয়েছে। সেরা জনবান্ধব উপজেলা ফেসবুক পেজের পুরস্কার পায় কুমারখালী উপজেলা প্রশাসন। ইনোভেশন পুরস্কার পেয়েছেন কুষ্টিয়া সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আর সেরা জনবান্ধব ফেসবুক ব্যবহারকারী পুরস্কার পেয়েছেন সদর উপজেলার শংকরদিয়া আইডিয়াল কলেজের প্রভাষক খাইরুল ইসলাম।
কুষ্টিয়া অফিস