কুষ্টিয়ায় প্রযুক্তি উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তিতে কুষ্টিয়া নামের একটি সংগঠনের আয়োজনে গতকাল শনিবার দুপুরে দুই দিনব্যাপী কুষ্টিয়ায় প্রযুক্তি উৎসব শুরু হয়েছে। এই উৎসব আজ রোববার বিকেল পর্যন্ত চলবে। কুষ্টিয়া জেলাকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চল হিসেবে প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মের উদ্যোগ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। প্রতিমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়তে তরুণ নেতৃত্বের প্রতি আহ্বান জানান। বর্তমান সরকারের ডিজিটালমুখী বিভিন্ন দপ্তরের বিষয়গুলো তিনি তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিক আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুর রহমান, আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, কুমারখালী উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ প্রমুখ।বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে কুষ্টিয়ায় প্রযুক্তি ক্ষেত্রে জড়িত তিনটি সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রযুক্তিতে কুষ্টিয়ার আহ্বায়ক সুফি ফারুক ইবনে আবু বক্কর প্রথম আলোকে বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়াতে কুষ্টিয়ার বিভিন্ন হাট-বাজারে সভা-সেমিনার করা হবে। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে বিভিন্ন সংগঠনের প্রায় ২১টি স্টল ঘুরে দেখেন। এ উৎসবের সহযোগী আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও সাউথ এশিয়ান স্পেশালাইজড এডুকেশন গ্রুপ।উৎসবে তথ্যপ্রযুক্তির বিভিন্ন পণ্য ও সেবা দেখানো হচ্ছে। পাশাপাশি আছে তথ্যপ্রযুক্তির নাগরিক সেবা, নানারকম উদ্ভাবন ইত্যাদি। এর আগেও এ ধরনের উৎসবের আয়োজন করেছে প্রযুক্তিতে কুষ্টিয়া। —কুষ্টিয়া প্রতিনিধি