কুষ্টিয়ায় ফেসবুকে তৈরি হচ্ছে রক্তের গ্রুপের ডেটাবেইস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে রক্তদাতাদের ডেটাবেইস তৈরির উদ্যোগ নিয়েছে কুষ্টিয়ার জেলা প্রশাসন। ইতিমধ্যে জেলা প্রশাসনের ফেসবুক পেজে ব্লাড গ্রুপের তথ্য চেয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে। স্বেচ্ছায় রক্তদানে ইচ্ছুক ব্যক্তিদের রক্তের গ্রুপের তথ্য, নাম-ঠিকানা ও মুঠোফোন নম্বর দিতে বলা হয়েছে। জেলা প্রশাসনের এ আহ্বানে সাড়াও মিলছে বেশ। তিন দিনে ৩০০ ব্যক্তি তাঁদের তথ্য পাঠিয়েছেন। প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে স্বেচ্ছায় রক্তদাতাদের তথ্যভান্ডার গড়ে তুলতে নতুন উদ্যোগ নেয় জেলা প্রশাসন। এ জন্য ব্যবহার করা হচ্ছে ফেসবুক।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মুজিব উল ফেরদৌস প্রথম আলোকে বলেন, এই তথ্য দিয়ে একটি বড় ডেটাবেইস বানানো হবে, যা জাতীয় তথ্য বাতায়নে যুক্ত করে দেওয়া হবে। এ ছাড়া জেলার সঙ্গে উপজেলার তথ্য বাতায়নের সংযোগ থাকবে। যাদের রক্তের প্রয়োজন হবে তারা এ পেজে ঢুকে তাৎক্ষণিকভাবে রক্তদাতার সঙ্গে যোগাযোগ করতে পারবে।
মুজিব উল ফেরদৌস আরও জানান, যদি কারও রক্তের গ্রুপ জানা না থাকে তবে তাদের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতে হবে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, এক ব্যাগ রক্তের অভাবে অনেক সময় মানুষ মারা যায়। ডেটাবেইস থাকলে জরুরিভিত্তিতে রক্ত পেতে সহজ হবে।
কুষ্টিয়া অফিস