কুষ্টিয়ায় শেষ হলো ডিজিটাল মেলা
নানা আয়োজনে কুষ্টিয়ায় শেষ হলো ডিজিটাল মেলা। মেলার শেষ দিনেও শহরের নানা বয়সী মানুষের সমাগম হয়। কেউ এসেছে বাবা-মায়ের সঙ্গে, আবার কেউ বন্ধুবান্ধবের সঙ্গে। মেলায় বিভিন্ন স্কুল, কলেজ, সরকারি-বেসরকারি সংগঠনের ৭০টি স্টলে নানা বয়সী মানুষ বিভিন্ন প্রযুক্তির ব্যবহার ও ধারণা নেয়। অনেকে বিভিন্ন ধরনের ডিজিটাল ক্যামেরা, কম্পিউটার ও ল্যাপটপ কেনাকাটা করে।দুই দিনব্যাপী মেলার শেষ দিনে সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে কুষ্টিয়ার জেলা প্রশাসক বনমালী ভৌমিক বলেন, যুবকেরা ছাড়া প্রযুক্তি উন্নয়ন সম্ভব নয়, তথ্যপ্রযুক্তিতে তাঁদের আরও এগিয়ে আসতে হবে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গান পরিবেশিত হয়। মেলায় আসা কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্রী সেঁজুতি ভৌমিক জানান, এখানে এসে তিনি কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার সম্পর্কে বিশদ জানতে পারেন। বিশেষ করে, আউটসোর্সিং কীভাবে টাকা আয় করা যায়। তথ্যপ্রযুক্তির বিভিন্ন পণ্যসেবা দেখে অনেক অভিভাবক তাঁদের ছেলেমেয়েদের প্রযুক্তি সম্পর্কে ধারণা দিতে উদ্বুদ্ধ হন। —তৌহিদী হাসান, কুষ্টিয়া