কুষ্টিয়ায় সামাজিক যোগাযোগ আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জড়ো হয়েছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসনের ফেসবুক পাতায় লাইক দিয়ে যুক্ত আছেন এমন ১৫০ জন ব্যবহারকারী। একই সঙ্গে এই আড্ডায় চুয়াডাঙ্গা থেকে খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ ও ঢাকা থেকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এন এম জিয়াউল আলম ও যুগ্ম সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী ভিডিও সম্মেলনের মাধ্যমে যুক্ত হয়েছিলেন।
আড্ডার শুরুতেই কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, ১০ মাস কুষ্টিয়া জেলা প্রশাসনের ফেসবুক পাতা খোলার পর এ পর্যন্ত দুই হাজার ৬৬১ জন ব্যবহারকারী যুক্ত হয়েছেন। তাঁরা প্রতিদিন জেলার নানা সমস্যা তুলে ধরছেন। তার সমাধানও তাৎক্ষণিক দেওয়া হচ্ছে। প্রশাসনের নানা অসংগতি ও দুর্নীতি অভয় নিয়ে তুলে ধরার আহ্বান জানান তিনি।
স্বাগত বক্তব্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের ফেসবুক কার্যক্রম ও পরিকল্পনা উপস্থাপন করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস। প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্প বিশেষজ্ঞ মানিক মাহমুদ জানান, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে শুরু করে উপজেলা পর্যন্ত ১৫০টির বেশি ফেসবুক পেজ আছে। এক লাখ ৫০ হাজারের বেশি সরকারি কর্মকর্তা ও এক লাখ সাধারণ নাগরিক এর সঙ্গে যুক্ত আছেন।
আড্ডায় ফেসবুক ব্যবহারকারীরা বলেন, ফেসবুকের মাধ্যমে সরাসরি সরকারের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করা, জনগণের মতামত নিয়ে নাগরিকসেবা আরও উন্নত করায় সামাজিক যোগাযোগ বেশ ভূমিকা রাখছে। —তৌহিদী হাসান, কুষ্টিয়া