কুষ্টিয়ায় হলো আউটসোর্সিং কর্মশালা
তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরির জন্য কুষ্টিয়াভিত্তিক সংগঠন প্রযুক্তিতে কুষ্টিয়ার উদ্যোগে কুষ্টিয়া জেলা স্কুলের কম্পিউটার ল্যাবে দুই দিনের তথ্যপ্রযুক্তি আউটসোর্সিং কর্মশালা গত শনিবার শেষ হয়েছে। শুক্রবার কর্মশালার উদ্বোধন করেছিলেন জেলা প্রশাসক আবদুল মান্নান। কর্মশালা পরিচালনা করলেন ফ্রিল্যান্স আউটসোর্সিং পেশাজীবী এনায়েত হোসেন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের খুলনা বিভাগের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম রুমেল ও আইল্যাকসের সভাপতি নিয়ামুল হাসান। কর্মশালায় ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের কাজের ধরন, নির্দিষ্ট কাজের প্রয়োজনীয় যোগ্যতা, কাজ পাওয়ার এবং তা সুষ্ঠুভাবে সম্পন্ন করে অর্থপ্রাপ্তির কৌশল, ইন্টারনেট বাজার পরিচিতিসহ সবচেয়ে বেশি সিএমএস জুমলা ও ওয়ার্ড প্রেস সফটওয়্যারের কারিগরি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও সাউথ এশিয়ান স্পেশালাইজড এডুকেশন গ্রুপ। প্রযুক্তিতে কুষ্টিয়ার সভাপতি সুফি ফারুক ইবনে আবুবকর জানান, কর্মশালা শেষে বাছাই করা প্রশিক্ষণার্থীদের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে উচ্চ মানের প্রশিক্ষণের সুযোগ তৈরি করে দেওয়া হবে। উদ্যোক্তা হতে আগ্রহী প্রশিক্ষণার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ তৈরিতে সহায়তা করা হবে। —বিজ্ঞপ্তি