কুড়িগ্রামে ডিজিটাল মেলা শুরু
‘জনগণের দোরগোড়ায় সেবা’ স্লোগানে কুড়িগ্রামে প্রথমবারের মতো ডিজিটাল মেলা শুরু হয়েছে। গতকাল বুধবার মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, ডিজিটাল পদ্ধতির বিভিন্ন সেবা সম্পর্কে মানুষকে জানানোই এ মেলার উদ্দেশ্য। কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সাংসদ মো. জাফর আলী। বক্তব্য দেন এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আবেদ হোসেন ও পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবদুল কুদ্দুস সরকার। তিন দিনের এ মেলা চলবে কাল শুক্রবার পর্যন্ত।মেলায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পলিটেকনিক ইনস্টিটিউট, নিউজ ডট কম, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর, যুব উন্নয়ন, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, আরডিআরএস বাংলাদেশ, গ্রামীণফোন, বাংলালিংক, রবি, সিটিসেল, বিটিসিএল, কম্পিউটার প্রটোকল, কম্পিউটার হ্যাভেনসহ ১৯টি প্রতিষ্ঠান অংশ নেয়। —নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম