কুয়েটে প্রকৌশল শিক্ষার্থীদের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রোববার খুলনায় শেষ হচ্ছে তিন দিনের ‘স্টুডেন্ট প্রফেশনাল অ্যাওয়ারনেস কনফারেন্স উইথ মাইক্রোসফট (এস-পিএসি)’ শীর্ষক সম্মেলন। শিক্ষার পর পেশাজীবনের কারিগরি দক্ষতার সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের জন্য এ সম্মেলনের আয়োজন করা হয়ে থাকে। গত শুক্রবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শুরু হয় এ সম্মেলন।এর আয়োজক তড়িৎ প্রকৌশলীদের সংগঠন ইনস্টিটিউট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারস (আইইইই), সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফট বাংলাদেশ ও কুয়েটের আইইইই শিক্ষার্থী শাখা। আয়োজকদের মতে, এটিশিক্ষার্থীদের জন্য বাংলাদেশে আয়োজিত সবচেয়ে বড় প্রযুক্তিবিষয়ক সম্মেলন। শুক্রবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন কুয়েটের উপাচার্য মো. আলমগীর। তিনি বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এ সম্মেলন প্রকৌশলবিদ্যার ছাত্রছাত্রীদের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এটি প্রকৌশল ছাত্রছাত্রীদের মধ্যে পেশাদারী মনোভাব ও চেতনার সৃষ্টি করতে সহায়তা করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং সায়েন্সের সহযোগী অধ্যাপক নালিন শারদা, আইইইই বাংলাদেশ শাখার স্টুডেন্ট অ্যাকটিভিটিস চেয়ারম্যান ঝুমানা শিরিন খান, আইইইই শিক্ষার্থী শাখার প্রতিষ্ঠাতা এম এম এ হাসেম, মাইক্রোসফট বাংলাদেশের ডেভেলপার অমি আজাদ। সেমিনারে সভাপতিত্ব করেন কুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের ডিন ও আইইইই স্টুডেন্ট ব্র্যাঞ্চের কাউন্সিলর অধ্যাপক মুহা. রফিকুল ইসলাম। তিন দিনব্যাপী এই সম্মেলনে আইইইই শিক্ষার্থী শাখার মো. শিহাব উদ্দীন চেয়ারম্যান ও মোহাম্মদ নাজমুল হক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সম্মেলনে উপস্থাপিত হচ্ছে উচ্চশিক্ষা ও গবেষণাবিষয়ক সেমিনার, কর্মশালা, বিষয়ভিত্তিক আলোচনা, বিভিন্ন কর্মক্ষেত্র সম্পর্কে পরিচিতি ও প্রকৌশল এবং ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা। সম্মেলনের প্রথম দুই দিন শুক্র ও গতকাল শনিবার এথিক্স প্রতিযোগিতা, ব্লগ প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে সম্মেলনের তিন দিনই থাকছে পারস্পরিক মতবিনিময় সভা। সম্মেলনে উপস্থাপিত বিভিন্ন সেমিনারের মধ্যে রয়েছে গ্রিড প্রযুক্তি, মোবাইল নেটওয়ার্কিং প্রযুক্তি, উচ্চশিক্ষা, ওয়েব ও মোবাইল ফোন প্রযুক্তি, প্রকৌশল ও ব্যবস্থাপনা, মুক্তসোর্স ওয়েব ডেভেলপমেন্ট ট্রেন্ড, স্নাতকোত্তর দিকনির্দেশনা ইত্যাদি। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছেন। আজ রোববার সমাপনী দিনে রয়েছে মুক্ত আলোচনা, মতবিনিময় সভা, কুয়েটে আইইইই শিক্ষার্থী শাখার ১১ বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রা, সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সম্মেলনকে উদ্দেশ্যস্পার্কল নামে একটি প্রযুক্তি ম্যাগাজিন প্রকাশিত হয়েছে। সম্মেলন অনুষ্ঠানটিকে সহযোগিতায় রয়েছে মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান রবি ও এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং। —মনোজ কুমার মজুমদার, খুলনা অফিস