কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বন্ধ করেছে ফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক এবং সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গের মধ্যে বেশ বাগ্‌যুদ্ধ শুরু হয়েছিল কয়েক দিন আগে। মাস্ক দাবি করে আসছিলেন, এআই মানবসভ্যতার জন্য বড় হুমকি। আর জাকারবার্গ বলছিলেন, যাঁরা এআই নিয়ে ধ্বংসযজ্ঞের আশঙ্কা প্রকাশ করেছেন, তাঁরা আসলে দায়িত্বজ্ঞানহীন। বিপরীতে মাস্কের জবাব ছিল, এআই নিয়ে মার্ক জাকারবার্গের জ্ঞান খুবই সীমিত।

মজার ব্যাপার হলো, সপ্তাহ না পেরোতেই নতুন সংবাদ এল—ফেসবুক তাদের চ্যাটবট থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বন্ধ করে দিয়েছে। গত রোববার টেক টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ফেসবুকের চ্যাটবট বিদ্যমান কোডকে উপেক্ষা করেই নিজস্ব ভাষা ব্যবহার শুরু করে। বিষয়টি নিযুক্ত গবেষকদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফেসবুক এর কৃত্রিম বুদ্ধিমত্তা বন্ধ করে দেয়।

গত জুনে চ্যাটবটের আরও উন্নত সংস্করণ করার সময় ইংরেজির পরিবর্তে নিজস্ব ভাষা তৈরি করতে দেখেন ফেসবুকের এআই গবেষকেরা। গবেষক দলের এক মুখপাত্র বলেন, তাঁরা যখন এই চ্যাটবট সংস্কারের চেষ্টা করছিলেন, চ্যাটবট তখনই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নিজেদের ভাষা তৈরি শুরু করে দেয়। পরে এই চ্যাটবট গবেষকদের বা কোনো প্রোগ্রামের সাহায্য ছাড়াই যোগাযোগ করতে শুরু করে। তবে এআই কোনো কম্পিউটার বা কোনো ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করার চেষ্টা করেনি। এমনকি গবেষণাগারের বাইরেও চ্যাটবট অন্য কোথাও এমন করেনি বলে উল্লেখ করেন তিনি। আপাতত চ্যাটবটের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বন্ধ করে দিয়ে শুধু ইংরেজি ভাষা ব্যবহার করতেই কাজ করছেন এর গবেষকেরা।

শাওন খান, সূত্র: এনডিটিভি